
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম আটক করা হয়েছে। ৪০ কেজি ওজনের এসব ক্রিমের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।
শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রামগামী বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ জাহেদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে ১ হাজার ৩০০ পিস ‘ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম’ পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন করে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্যের অবৈধ আমদানি ও বাজারজাতকরণ প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকিপূর্ণ ফেস ক্রিমসহ ক্ষতিকর প্রসাধনী ও অন্যান্য পণ্যের অবৈধ আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।















