
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী। তাঁর এ নিয়োগে শাজাহানপুর উপজেলাজুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।.
রুবিনা ফেরদৌসী এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২ নভেম্বর ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বদলিপূর্বক দুদকের মহাপরিচালক পদে পদায়ন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁকে মহাপরিচালক পদে নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়।.
রুবিনা ফেরদৌসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল গনির একমাত্র কন্যা। তাঁর পৈতৃক বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া গ্রামে।.
বীর মুক্তিযোদ্ধা বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারি চাকরিতে যোগদানের পর থেকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এ নিয়োগকে শাজাহানপুরের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা।.
এলাকাবাসীর মতে, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রুবিনা ফেরদৌসীর এ অর্জন বিশেষ করে তরুণ প্রজন্ম ও নারীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর সাফল্যে আনন্দ প্রকাশ করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন উপজেলাবাসী। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন তাঁরা।.















