খ্যাতিমান প্রাবন্ধিক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. সাঈদ-উর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক: খ্যাতিমান প্রাবন্ধিক, গবেষক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সাঈদ-উর রহমানের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র শাখা কার্যালয়ে ‘স্বপ্নসিঁড়ি সাহিত্য পরিষদ’ এই সভার আয়োজন করে।

​কবি ও রম্যলেখক শাহজাহান আবদালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোকসভায় প্রখ্যাত ভাষাবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা আলোচনায় অংশ নেন।

​এছাড়া অধ্যাপক ড. সাঈদ-উর রহমানের জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন কবি ও সম্পাদক জহীর হায়দার, প্রকাশক ও সম্পাদক সাইফুল ফারুকী, কবি ও কণ্ঠশিল্পী মিয়া আসলাম প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আতিকুর রহমান এবং প্রকৌশলী মোহাম্মদ ওয়ালী উল্লাহ। বক্তারা তাঁর মেধা, গবেষণা এবং মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

​উল্লেখ্য, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক ড. সাঈদ-উর রহমান ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি কুমিল্লার শিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তিনি ঢাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।