২৩ লাখের ভবন ৯০ হাজারে বিক্রি করা সেই প্রধান শিক্ষক বরখাস্ত

নাটোরের গুরুদাসপুরে প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিজ্ঞান ভবনটি তিন বছর পর ভেঙে বিনা নোটিশে মাত্র ৮০-৯০ হাজার টাকায় বিক্রির ঘটনায় ধানুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর বিদ্যালয় পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নেয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রনি আহম্মেদের স্বাক্ষরিত আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৫৪ ও ৬৩(ক) ধারায় প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে।

বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। তার স্থলে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাসান ইমাম দায়িত্ব পালন করবেন।

আদেশে উল্লেখ করা হয়, ২০২০-২০২১ অর্থবছরে প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিজ্ঞান ভবনটি প্রধান শিক্ষক বহাল থাকা অবস্থায় বিনা নোটিশে ভেঙে মাত্র ৮০-৯০ টাকায় বিক্রি করা হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে প্রধান শিক্ষক নোটিশের জবাবে নিজের দায় স্বীকার করেন।