শাহজালাল মাজারে ওয়াকফ সম্পদ লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটের আধ্যাত্মিক ও ধর্মীয় ঐতিহ্যের অন্যতম কেন্দ্র হযরত শাহজালাল (রহ.) মাজার শরিফের ওয়াকফ সম্পত্তি ও ভক্তদের দানের অর্থ নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, বিগত সরকারের রাজনৈতিক প্রভাব, প্রশাসনের একাংশের সহযোগিতা এবং ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে মাজারের বিপুল সম্পদ ও দানের অর্থ আত্মসাৎ করেছে।

অভিযোগে দরগাহ গেইট এলাকার কথিত ঠিকাদার সামুন মাহমুদ খান ও তার সহযোগীদের নাম উল্লেখ করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন কথোপকথনের স্ক্রিনশট, প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার জমি-সংক্রান্ত আমমোক্তারনামা দলিল এবং বিলাসবহুল জীবনযাপনের কিছু ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সিলেটজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৬৬৩ খ্রিষ্টাব্দে মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে মাজারের রক্ষণাবেক্ষণ ও ভক্তদের কল্যাণে প্রথম ৭৮ দশমিক ২ একর করমুক্ত ভূমি দান করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দান এবং সংযুক্তির মাধ্যমে মাজারের ওয়াকফভুক্ত জমির পরিমাণ প্রায় ১১৬ দশমিক ৮ একরে উন্নীত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী পক্ষের দাবি, এই বিপুল ওয়াকফ সম্পদ এবং ভক্তদের দানের অর্থ ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে অনিয়ম ও স্বচ্ছতার অভাব রয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে অভিযোগের সত্যতা নিশ্চিত করেনি।

এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং ওয়াকফ সম্পদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।