টিক্কা খানের অর্ডিন্যান্সে আনুষ্ঠানিক স্বীকৃতি পায় রাজাকার বাহিনী

মুক্তিযুদ্ধের পর উদ্ধারকৃত ও ১৯৯৬ সালে সংগ্রহ করা রাজাকার পরিচয়পত্র বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত। ছবিতে ঢাকা শহর শাস্তি কমিটির সাধারণ সম্পাদক মো. মনসুর আলী স্বাক্ষরিত রাজাকার হোসেন আহম্মদের পরিচয়পত্র।

একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করার উদ্দেশ্যে মে মাসের শুরুতে খুলনায় প্রথম রাজাকার বাহিনী গঠিত হয়। এর নেতৃত্বে ছিলেন জামায়াতের তৎকালীন সেক্রেটারি জেনারেল ও মজলিসে শুরার সদস্য মাওলানা এ. কে. এম. ইউসুফ। পরে দেশের বিভিন্ন এলাকায় রাজাকার বাহিনী গড়ে ওঠে। তাদের কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ১৯৭১ সালের ১ জুন পূর্ব পাকিস্তানের গভর্নর ও খ-অঞ্চলের সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান ‘পূর্ব পাকিস্তান রাজাকার অর্ডিন্যান্স, ১৯৭১’ জারি করেন। মুক্তিযুদ্ধ চলাকালে এই বাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, বাড়িঘর দখল এবং নারী নির্যাতনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল।