কাস্টমসের তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি শাহীন, মহাসচিব মাহবুব

বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের তৃতীয় শ্রেণির নির্বাহী কর্মচারী সমিতির (বাকাস) ২০২৬-২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাব-ইন্সপেক্টর মোহাম্মদ শাহীন মিয়া এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন সাব-ইন্সপেক্টর মাহবুব হোসাইন।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) ভবনে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনার মো. শামস উদ্দিন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক মো. বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান শাওন, প্রচার সম্পাদক মো. মাহাবুবর রহমান, দপ্তর সম্পাদক যাকারিয়া জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুকনুজ্জামান এবং আইন ও কল্যাণ সম্পাদক শাকিল হোসেন।

নবগঠিত এই কমিটি আগামী দুই বছর বাকাস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রশাসনিক ও পরিচালনাগত দায়িত্ব পালন করবে।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকাস সভাপতি রাজস্ব কর্মকর্তা শ্যামল মাহবুব, সিনিয়র সহ-সভাপতি রাজস্ব কর্মকর্তা শফিউল বসর, সংগঠনের সাবেক সভাপতি মো. সালেক খান ও মো. আবু শিহান, সাবেক মহাসচিব মো. আলহেলাল তাজ, মো. মাইনুদ্দিন, মো. মোজাম্মেল হকসহ সংগঠনের জ্যেষ্ঠ নেতারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মিঠুন চন্দ্র সাহা (ঢাকাস-দক্ষিণ, ঢাকা) ও শায়লা জামান (ঢাকাস-পূর্ব, ঢাকা)। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক, ঢাকাস-দক্ষিণ এবং মিঠুন গোস্বামী, ঢাকাস-উত্তর, ঢাকা।