সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ৫২২ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৪ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচকসহ ডিএসইর সব কটি সূচক বেড়েছে। একই সঙ্গে দরবৃদ্ধির তালিকায় ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার।মানচিত্র দেখুন

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সার্বিক বাজার পর্যালোচনায় দেখা যায়, লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪১ দশমিক ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ আগের দিনের তুলনায় ১৫ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৭ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস ৬ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬ দশমিক ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনটিতে ডিএসইতে মোট ৫২২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে ১৬ কোটি ২৩ লাখ ১৫ হাজার ৬৪টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেনের সংখ্যা ছিল ১ লাখ ৫৬ হাজার ৭৯৬টি।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৮২টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে বাকি কোম্পানিগুলোর শেয়ারদর।