
ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার বিরুদ্ধে সাকিবের যোগসাজশে ৭৬ লাখ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ
কাস্টম হাউস ঢাকার কুরিয়ার ইউনিটে দায়িত্ব পালনকালে অনিয়ম ও সুবিধা নিয়ে মিথ্যা ঘোষণায় পণ্য চালান খালাস করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে সহকারী কমিশনার সাকিবের আনাম খানের বিরুদ্ধে। বিসিএস ৪০তম ব্যাচের এই কর্মকর্তার বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়াই পণ্য চালান খালাস, সরকারের রাজস্ব ক্ষতি এবং ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে পণ্য ছাড়ের অভিযোগ রয়েছে।
৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি ও ভুয়া এনআইডি ব্যবহার
অনুসন্ধানে জানা যায়, গত ২৩ আগস্ট ঢাকা কাস্টম হাউসের কুরিয়ার ইউনিট দিয়ে ‘ফুলএফভার বিডি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান পণ্য চালান আমদানি করে, যার বিল অব এন্ট্রি নম্বর সি-১৯৯২৬২৩। প্রতিষ্ঠানটি কাগজ বা মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য খালাস করে নিয়ে যায়। ওই চালানে মাত্র ৩৫ হাজার টাকা শুল্ক-কর নির্ধারণ করে পণ্য খালাসের অনুমতি দেন কুরিয়ার ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার সাকিবের আনাম খান।
পরবর্তীতে কাস্টম হাউসের অভ্যন্তরীণ তদন্তে প্রায় ৭৬ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির বিষয়টি বেরিয়ে আসে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। তবে পণ্য চালানটি সহকারী কমিশনার কর্তৃক খালাস হওয়ায় প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছ থেকে কোনো শুল্ক-কর আদায় করা সম্ভব হয়নি। এছাড়া কুরিয়ারের আরও ৩১টি চালানে লক দিয়েছে প্রিভেন্টিভ টিম।
পাঁচ দিনে প্রায় ৪০টি বিল অব এন্ট্রিতে অনিয়ম
সূত্র জানায়, শুধু ‘ফুলএফভার বিডি লিমিটেড’ নয়; ডেল্টা কার্গো মিডিয়ার নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাত্র পাঁচ দিনে প্রায় ৪০টি সন্দেহজনক পণ্য চালান খালাস করা হয়েছে। শ্রমিকদের ভুয়া এনআইডি বা অন্যের পরিচয়পত্র ব্যবহার করে এসব বিল অব এন্ট্রি (নম্বর— ১০৯৯৬৯৫, ১০৯৯৭৫ আধুনিক ও অন্যান্য নম্বরসহ প্রায় ৪০টি) সম্পন্ন করা হয়। এসব সামগ্রিক অনিয়মের অভিযোগে গত বৃহস্পতিবার সাকিবের আনাম খানকে ঢাকা কাস্টম হাউসের অন্য একটি শাখায় বদলি করা হয় এবং একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, কুরিয়ার ইউনিটে দায়িত্ব নেওয়ার পর সেখানে দুটি সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে। এই সিন্ডিকেটগুলো বিভিন্ন সিঅ্যান্ডএফ লাইসেন্স ভাড়া নিয়ে তার মাধ্যমে ভুয়া ঘোষণায় বন্ডের ফেব্রিকস থেকে শুরু করে নানা বাণিজ্যিক পণ্য খালাস করে নিয়ে আসত, যা ঢাকা কাস্টম হাউসে এখন ‘ওপেন সিক্রেট’। কুরিয়ার ইউনিট মূলত নমুনা পণ্য বা নির্দিষ্ট পরিমাণ ব্যক্তিগত আমদানির জন্য নির্ধারিত হলেও, সাকিবের আনাম খানের দায়িত্ব নেওয়ার পর এটি বাণিজ্যিক আমদানিকারকদের পণ্য খালাসের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল।
এর আগে রাজশাহী ভ্যাট কমিশনারেন্টে দায়িত্ব পালনকালেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানে হয়রানি করে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছিল। ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) পদায়ন পাওয়ার পর এমন অভিযোগের মুখে মাত্র দুই মাসের মাথায় তৎকালীন রাজশাহী ভ্যাট কমিশনার তাঁকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন বলে জানা গেছে।
কর্তৃপক্ষের বক্তব্য
এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের কমিশনার রইচ উদ্দিন খান জানান, কুরিয়ার ইউনিটে এক আমদানিকারক মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য চালান খালাস করায় তদন্তে ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকির সত্যতা পাওয়া গেছে এবং এ ঘটনায় মামলাসহ প্রতিষ্ঠানটির পরবর্তী চালানগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অন্যদিকে, সহকারী কমিশনার সাকিবের আনাম খান সমস্ত সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার করে জানান যে প্রতিষ্ঠানটি কম মূল্য ঘোষণা দেওয়ায় শুল্ক ফাঁকির মামলা হয়েছে। তবে এত টাকার রাজস্ব আদায়যোগ্য হওয়া সত্ত্বেও কীভাবে মাত্র ৩৫ হাজার টাকা নির্ধারণ করে পণ্য খালাস দেওয়া হলো—এ প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান















