৩৮৫ ভোটের এমপি, জামায়াতের অবদান কি ভুলে গেলেন হানজালা?

নির্বাচনের আগে যাদের সহযোগিতা ছাড়া জয় পাওয়া কঠিন ছিল, নির্বাচনের পর আজ তাদেরই আকিদা নিয়ে প্রশ্ন তুলছেন হানজালা—এমন অভিযোগ ঘিরে শিবচরের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

মাদারীপুর-১ (শিবচর) আসনে মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ার পর হানজালার সাম্প্রতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকরা। তাদের দাবি, নির্বাচনের সময় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাঁর পক্ষে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। শিবচর উপজেলা জামায়াতের আমীর সরোয়ার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলেও অভিযোগ রয়েছে।

অথচ নির্বাচনের আগে যাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, এখন সেই জামায়াতের আকিদা নিয়েই প্রশ্ন তোলার বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, হানজালার শিক্ষাগত যোগ্যতা হাফেজ। অন্যদিকে তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত অর্জন নিয়েও সমালোচকদের নানা প্রশ্ন রয়েছে। তাঁদের অভিযোগ, সংসদ সদস্য হওয়ার পর এলাকার উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রমের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণাতেই তাঁকে বেশি সক্রিয় দেখা যায়।

স্থানীয় রাজনৈতিক মহলের আলোচনায় আরও উঠে এসেছে, নির্বাচনের সময় খেলাফত মজলিসের নিজস্ব সাংগঠনিক তৎপরতার তুলনায় জামায়াত ও শিবিরের কর্মীদের ভূমিকা ছিল বেশি দৃশ্যমান। বিশেষ করে প্রবাসীদের পোস্টাল ভোট যুক্ত হওয়ার পর মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয় বলে দাবি করা হচ্ছে।

এদিকে নির্বাচনের আগে জামায়াত নেতাদের সঙ্গে হানজালার ঘনিষ্ঠতার ছবি এখন নতুন করে আলোচনায় এসেছে। ছবিতে শিবচর উপজেলা জামায়াতের আমীর সরোয়ার হোসেনকে তাঁকে জড়িয়ে ধরতে দেখা যায়। পেছনে রয়েছেন পৌর জামায়াতের আমীর বেলায়েত হোসেন।

প্রশ্ন উঠছে, নির্বাচনের আগে যাদের সহযোগিতা গ্রহণে কোনো আপত্তি ছিল না, নির্বাচনের পর সেই রাজনৈতিক শক্তির আকিদা নিয়ে প্রশ্ন তোলার নৈতিক ভিত্তি কতটুকু?

রাজনীতিতে সহযোগিতা নেওয়া সহজ, কিন্তু সহযোগীদের অবদান ভুলে যাওয়া কি রাজনৈতিক শিষ্টাচার?