জাল সিগারেট স্ট্যাম্পে ৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা

প্রিন্টিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে আনা একটি কনটেইনারে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী ও ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প পাওয়া গেছে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও চট্টগ্রাম কাস্টম হাউসের যৌথ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়েছে।

জাল স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন এবং প্রসাধনী আমদানিতে শুল্ক-কর ফাঁকির মাধ্যমে প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে।

এনবিআর জানায়, ঢাকার যমুনা ফিউচার পার্কের লেভেল-৩, ব্লক-এ, শপ নম্বর 3C004A ঠিকানায় অবস্থিত চায়না মার্ট নামের প্রতিষ্ঠান চালানটি আমদানি করে। গত ৯ আগস্ট চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। আমদানি ঘোষণায় পণ্য হিসেবে উল্লেখ করা হয় ‘প্রিন্টিং মেশিন’। গত ৫ নভেম্বর সিআইসি ও চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার কর্মকর্তারা চালানটি বিস্তারিত পরীক্ষা করেন। এতে ঘোষিত পণ্যের পরিবর্তে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী ও জাল সিগারেটের স্ট্যাম্প পাওয়া যায়। তবে কনটেইনারে ঘোষণায় উল্লেখ করা কোনো প্রিন্টিং মেশিন পাওয়া যায়নি। পরীক্ষায় ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প উদ্ধার করা হয়। এসব স্ট্যাম্প নিম্নস্তরের ২০ শলাকার সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী। দেশে ২০ শলাকার নিম্নস্তরের একটি সিগারেটের নির্ধারিত খুচরা মূল্য ১৩০ টাকা। এর বিপরীতে সরকার রাজস্ব পায় ১০৬ টাকা ৬০ পয়সা। সেই হিসাবে উদ্ধার করা জাল স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকারের আনুমানিক ৪৩ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হতো।

এছাড়া চালানে পাওয়া প্রসাধনী সামগ্রীর বিপরীতে আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে। সব মিলিয়ে চালানটিতে প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ঝুঁকি চিহ্নিত হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর বলছে, জাল সিগারেটের স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। এ ধরনের কর্মকাণ্ড দেশের রাজস্ব ব্যবস্থার পাশাপাশি বৈধ বাণিজ্যিক পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। আমদানি-রপ্তানি বাণিজ্যে অনিয়ম, পণ্যের মিথ্যা ঘোষণা, শুল্ক-কর ফাঁকি এবং অবৈধ পণ্য বাজারজাতকরণ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও ঝুঁকিভিত্তিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।