মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তাদের সম্পদের হিসাব চাইল ভূমি মন্ত্রণালয়

ঢাকা, ১১ জুন: ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের রাজস্ব প্রশাসনে কর্মরত কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

সম্প্রতি জারি করা এক পত্রে বলা হয়েছে, পূর্বে একাধিক স্মারকের মাধ্যমে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব নির্ধারিত ছকে পাঠানোর অনুরোধ করা হলেও এখনো অনেক তথ্য মন্ত্রণালয়ে পৌঁছেনি।

এ অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী নির্ধারিত ছক অনুযায়ী আগামী ২৫ জুন ২০২৬ তারিখের মধ্যে আবশ্যিকভাবে ভূমি মন্ত্রণালয়ে প্রেরণের জন্য পুনরায় নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, সম্পদের হিসাব সংক্রান্ত নির্ধারিত ছক চার পৃষ্ঠার সংযুক্তি হিসেবে পাঠানো হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রেরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।