
কোম্পানি পর্যায়ে আয়কর রিটার্ন দাখিল করার সময় বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার ও শনিবার সরকারি বন্ধ থাকায় রিটার্ন দাখিলের সময়সীমা দুইদিন বৃদ্ধি করে ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) এনবিআরের এক প্রেস বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন, রাজস্ব বৃদ্ধি এবং করদাতাদের সুবিধার্থে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য রিটার্ন দাখিলের সময় কয়েক দফায় বাড়ানো হয়েছিল। স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্যান্য করদাতার রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ১৫ মে। ওইদিন সরকারি ছুটির দিন (শুক্রবার) হওয়ায় আয়কর আইন, ২০২৩ অনুযায়ী পরবর্তী কর্মদিবস ১৭ মে রিটার্ন জমা দেওয়ার শেষ দিন হিসেবে গণ্য হবে। এরপর আর সময় বৃদ্ধি করা হবে না।
এনবিআর আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে অসমর্থ হলে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্যান্য করদাতারা আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭৪ অনুযায়ী প্রযোজ্য অতিরিক্ত কর পরিশোধ সাপেক্ষে আগামী ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট কর সার্কেলে রিটার্ন জমা দিতে পারবেন।















