
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যেন কতিপয় শীর্ষ কর্মকর্তার ব্যক্তিগত অর্থ উপার্জনের আখড়ায় পরিণত হয়েছে। সংস্থাটিতে দীর্ঘদিন ধরে সক্রিয় এক শক্তিশালী ‘পঞ্চরত্ন সিন্ডিকেট’ রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং প্রাতিষ্ঠানিক যোগসাজশে কয়েক হাজার কোটি টাকার সরকারি প্রকল্প থেকে শুরু করে সাধারণ খাত পর্যন্ত নির্বিচারে লুটপাট চালিয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের তৎকালীন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এবং প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে সুনির্দিষ্ট লভ্যাংশ দিয়ে এবং শেখ হাসিনা সরকারের উচ্চপর্যায়ের প্রত্যক্ষ আশীর্বাদপুষ্ট হয়ে এই সিন্ডিকেট বিআইডব্লিউটিএকে পরিণত করে টাকার মেশিনে। এই শক্তিশালী সিন্ডিকেটের অকল্পনীয় দুর্নীতি, জালিয়াতি, বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট ও অকাট্য প্রমাণাদিসহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করা হয়। তবে অবাক করার বিষয় হলো, দুদকে এত বড় এবং চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়ার পরও অদৃশ্য খুঁটির জোরে এই চক্রের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি, বরং তারা প্রত্যেকেই সংস্থায় বহাল তবিয়তে রয়ে গেছেন।
সিন্ডিকেটের অন্যতম মূল হোতা ও বিতর্কিত কর্মকর্তা একেএম আরিফ উদ্দিনের (তৎকালীন অতিরিক্ত পরিচালক, বন্দর ও পরিবহন বিভাগ) নতুন কিছু চাঞ্চল্যকর দুর্নীতির প্রমাণ ও তার পরিবারের নামে থাকা জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ গোপন স্থাবর সম্পদের সুনির্দিষ্ট তালিকা হস্তগত হয়েছে। অনুসন্ধানীসূত্র আর নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, আরিফ উদ্দিন দুর্নীতির মাধ্যমে তার স্ত্রীর নামে রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বারিধারা বসুন্ধরার ব্লক-সি এর রোড-২/এ তে অবস্থিত ৪৭/৫৫ নম্বর ফ্ল্যাটটি ক্রয় করেছেন। শুধু বারিধারাই নয়, রাজধানীর এলিফ্যান্ট রোডের ৩০১ নম্বর হোল্ডিংয়ে তার স্ত্রীর নামে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। এছাড়াও বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-বি এর রোড নম্বর-১ এ অবস্থিত হোল্ডিং নম্বর-৪৭/৪৮ এ তার একটি বিশাল সম্পত্তি রয়েছে, যেখানে অংশীদারিত্বের ভিত্তিতে বহুতল ভবন নির্মাণের কাজ (বিল্ডিং প্রজেক্ট) চলমান। গ্রামের বাড়ি পাবনার সুজানগরের রায়পুরেও নামে-বেনামে অঢেল স্থাবর সম্পত্তি গড়েছেন তিনি। অভিযোগসূত্রে আরও জানা যায়, ড্রেজিং বিভাগের পিডি (প্রকল্প পরিচালক) নিয়োগ এবং নদী খনন কাজের তদারকিতে আরিফ উদ্দিনের সরাসরি সম্পৃক্ততা ও অবৈধ প্রভাব খাটানোর কথা, যার মাধ্যমে তিনি বিআইডব্লিউটিএর বড় বড় প্রকল্প থেকে কোটি কোটি টাকা কমিশন বাণিজ্য করেছেন।
দুদকে দায়েরকৃত অভিযোগের নথিপত্র অনুযায়ী, এই সিন্ডিকেটের মূল কুশীলবরা হলেন—সদস্য প্রকৌশল (তৎকালীন প্রধান প্রকৌশলী, ড্রেজিং বিভাগ) রকিবুল ইসলাম তালুকদার, প্রকৌশল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) মো. ছাইদুর রহমান, ড্রেজিং বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মেরিন) মো. মজনু মিয়া, সাবেক প্রধান প্রকৌশলী (পুর) মো. মহিদুল ইসলাম এবং বর্তমান পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) একেএম আরিফ উদ্দিন। এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ড্রেজার সংগ্রহ ও নদী খনন সংক্রান্ত মেগা প্রকল্পগুলো থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা লোপাট ও বিদেশে পাচারের সুনির্দিষ্ট খতিয়ান দুদকে পেশ করা হয়েছে। ইউরোপ ও আমেরিকার সাথে উচ্চ মূল্যের চুক্তি করে জালিয়াতির মাধ্যমে অত্যন্ত নিম্নমানের দেশীয় প্রযুক্তির ড্রেজার, পাইপ ও যন্ত্রাংশ সংগ্রহ করে হাজার হাজার কোটি টাকার এলসি খুলে বিদেশে অর্থ পাচার করা হয়েছে।
প্রায় ৪৫০০ কোটি টাকা ব্যয়ের পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই ও পূর্ণভবা নদীর নাব্যতা উন্নয়ন প্রকল্পের পরিচালক থাকাকালীন রকিবুল ইসলাম সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছ থেকে সরাসরি ২০ শতাংশ হারে কমিশন আদায় করেছেন। তিনি বাস্তবে কোনো ড্রেজিং না করে কাগজে-কলমে ভূয়া বিল-ভাউচার তৈরি করে শত শত কোটি টাকা পকেটে পুরেছেন, যার ফলে কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ও দিনাজপুর এলাকায় নদীখনন কাগজে সীমাবদ্ধ থাকায় দেশ ভয়াবহ বন্যার কবলে পড়েছে। নিজের দুর্নীতি আড়াল করতে তিনি তার নিকটাত্মীয় ও শিষ্য হিসেবে পরিচিত মো. মজনু মিয়াকে যান্ত্রিক কনিষ্ঠ হওয়া সত্ত্বেও জ্যেষ্ঠ কর্মকর্তাদের ডিঙিয়ে অবৈধভাবে দ্রুত পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প পরিচালক বানান। এই মজনু মিয়া বরিশাল ড্রেজার বেইজের প্রধান থাকাকালীন সংস্থার ৬০ শতাংশ ড্রেজারের জ্বালানি ক্রয় ও মেরামত খাত থেকে গত ১০ বছরে অন্তত ১০০ কোটি টাকা লোপাট করেছেন, যার ২০ শতাংশ পেয়েছেন সিন্ডিকেটের বড় কর্তারা। এছাড়া রকিবুল ইসলামের আরেক শিষ্য, ড্রেজিং বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমানকে নদী খনন প্রকল্পের দায়িত্ব দিয়ে দুর্নীতির চেইন সচল রাখা হয়।
সিন্ডিকেটের অন্যতম মাস্টারমাইন্ড ছাইদুর রহমানের বিরুদ্ধে পাবনা, নাটোর, নওগাঁ ও দিনাজপুরের আত্রাই নদী এবং ভোগাই-কংস নদ খননের ১৩৪ কোটি ৬৪ লক্ষ টাকা কোনো কাজ না করেই সম্পূর্ণ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ছাইদুর রহমানের ইশারায় ড্রেজিং বিভাগের সমস্ত টেন্ডার বাণিজ্য নিয়ন্ত্রিত হতো, যেখানে তাদের নির্ধারিত সিন্ডিকেট ছাড়া অন্য কোনো ঠিকাদারের কাজ পাওয়ার সুযোগ ছিল না। জঘন্যতম বিষয় হলো, ২০১৭ সালে দুদকের মামলা থেকে বাঁচতে ছাইদুর রহমান নিজের জীবিত পিতাকে মৃত দেখিয়ে উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পদ অর্জনের ভুয়া নাটক সাজিয়েছিলেন। বর্তমানে রাজধানীর সিদ্ধেশ্বরী ও খিলগাঁওয়ে একাধিক অত্যাধুনিক ফ্ল্যাট, কুড়িগ্রাম শহরে ৫০ কোটি টাকার রড-সিমেন্টের ব্যবসা এবং ভাইয়ের নামে আধুনিক ইটের ভাটাসহ বিপুল অবৈধ সম্পদের মালিক এই কর্মকর্তা। এই চক্রের অপর সহযোগী প্রকৌশল বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী মো. মহিদুল ইসলাম ২০২৫ সালের ডিসেম্বরে অবসরে যাওয়ার পূর্ব পর্যন্ত এই টেন্ডার ও প্রকল্প বাণিজ্যের আইনি ও কারগিারি জালিয়াতিগুলো নির্বিঘ্নে সম্পন্ন করার ক্ষেত্রে নেপথ্য ভূমিকা পালন করেছেন।
একেএম আরিফ উদ্দিন পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের অন্যতম প্রধান দোসর হিসেবে কাজ করেছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার দারুণ সখ্যতা ছিল এবং শেখ হাসিনার জন্মদিনে তুরাগ নদীতে নৌকা বাইচের আয়োজন করে একদিকে তিনি আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেন, অন্যদিকে সরকারি তহবিল থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানের নামে তিনি অন্তত ৫০ কোটি টাকার চাঁদাবাজি ও উচ্ছেদ বাণিজ্য করেছেন। তার বিরুদ্ধে নিরীহ মানুষের বৈধ ভবন ভাঙা, চার কোটি টাকা ঘুষ নিয়ে প্রভাবশালীদের ডকইয়ার্ডের জন্য জমি লিজ দেওয়া, গাছ কাটা এবং সরকারি জমি লিজ দেওয়ার নামে ২২টি মামলা ও অভিযোগ রয়েছে। এমনকি ২০১৮ সালে সদরঘাটে মসজিদ ও মাদরাসা ভাঙার চেষ্টা এবং পিকনিকের লঞ্চে সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার মতো গুরুতর অপরাধও তিনি করেছেন তৎকালীন নৌপরিবহন মন্ত্রীদের সরাসরি আশ্রয়ে। নারী কেলেঙ্কারি, চরম দুর্নীতি ও অসদাচরণের ভিডিও ভাইরাল হওয়ায় ২০২৬ সালের ২৩ জুন তাকে পরিচালক পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলেও অদৃশ্য ইশারায় মাত্র ৩০ দিনের মাথায় তাকে পুনরায় ক্রয় ও সংরক্ষণ বিভাগের মতো গুরুত্বপূর্ণ পদে পুনর্বহাল করা হয়। দুদকের কাছে এই পঞ্চরত্ন সিন্ডিকেটের দুর্নীতির পাহাড়ের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির দলিল ও সুনির্দিষ্ট নথি জমা দেওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় বিআইডব্লিউটিএর সাধারণ কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।















