লটারির মারপ্যাঁচে ‘মেডিকেল’ পোস্টিং: শত কোটির মালিক পিডব্লিউডির মাসুদ রানার এবার লক্ষ্য ঢামেকের ৩০০ কোটির মেগা প্রজেক্ট

মোঃ মাহাবুবুর রহমান: সরকারি কোষাগারের মেগা প্রজেক্টের শত কোটি টাকা হরিলুট, টেন্ডার বাণিজ্যে একচ্ছত্র সিন্ডিকেট এবং জালিয়াতির মাধ্যমে ভুয়া বিল পাস করে নামে-বেনামে রূপকথার সাম্রাজ্য গড়ে তুলেছেন গণপূর্ত অধিদপ্তরের বহুল আলোচিত নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা। দুর্নীতির পাহাড়সম নথিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাইল ভারী হওয়ার পরও সম্প্রতি লটারির মাধ্যমে মেডিকেল কলেজ গণপূর্ত বিভাগে অতি গুরুত্বপূর্ণ পোস্টিং বাগিয়ে নিয়েছেন এই কর্মকর্তা। এবার ঢাকা মেডিকেল কলেজের তিন শ’ কোটি টাকার বিশাল উন্নয়ন প্রকল্পকে টার্গেট করে লুটপাটের ষোলকলা পূর্ণ করার চূড়ান্ত ছক কষেছেন তিনি বলে অভিযোগ উঠেছে। নীতি-নৈতিকতা ও আইনকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাঁর এই বেপরোয়া কার্যক্রমে গোটা প্রকৌশলী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ক্ষমতার খোলস বদল ও নতুন সিন্ডিকেট
অনুসন্ধানে জানা যায়, ২৭তম বিসিএস (গণপূর্ত ক্যাডার) কর্মকর্তা মাসুদ রানা দীর্ঘ সময় ধরে ক্ষমতার পালাবদলে নিজের অবস্থান অক্ষুণ্ণ রেখে গণপূর্তের লোভনীয় ডিভিশনগুলো একচ্ছত্র নিয়ন্ত্রণে রেখেছেন। সাবেক এক প্রধান প্রকৌশলীর আত্মীয়তার পরিচয় এবং বিগত পতিত সরকারের বিভিন্ন প্রভাবশালী মহলের সান্নিধ্য ব্যবহার করে তিনি এতদিন দাপটের সাথে নানা অনিয়ম চালিয়ে গেছেন। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথেই তিনি অত্যন্ত চতুরতার সাথে খোলস পাল্টে নতুন সিন্ডিকেটের সাথে সখ্য গড়ে তোলেন এবং লটারি প্রক্রিয়ার মাধ্যমে সম্প্রতি মেডিকেল কলেজ গণপূর্ত বিভাগে বদলি হয়ে আসেন।

দেড় শতাধিক ওটিএম আইডি ও কমিশনের ‘ম্যালেরিয়াঝরা পরিসংখ্যান’
বিগত সময়ে শেরেবাংলা নগর ৩নং ডিভিশন, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগে দায়িত্ব পালনকালে তিনি ক্ষমতাসীন দলের প্রভাবশালী ঠিকাদারদের ওটিএম (Open Tendering Method) পদ্ধতিতে কাজ পাইয়ে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। পিপিএ ও পিপিআর-এর তোয়াক্কা না করে এপিপি’র নিয়মকে পাশ কাটিয়ে নির্দিষ্ট সিন্ডিকেটকে কাজ পাইয়ে দিতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার নিয়ন্ত্রিত দেড় শতাধিক ওটিএম আইডির মধ্যে অন্যতম হলো— ১৩১২৮৬৩, ১৩১৩০৩৫, ১৩১২৭৫৪, ১৩১২৮৭৭, ১৩১২৮১৫, ১২৯৫৬৪৪, ১২৯৫৬৫১, ১২৮৪৫৮৯, ১২৮৪৩৯৭, ১২৪৭৯৭১, ১২৮২৩৪৮, ১২৮৩৭৫১, ১২৮৩২৩৯, ১২৮২২৯৭, ১২৭৫৬৩৮, ১২৮২৩৫০, ১২৮২২৫৩, ১২৮১১৭৪, ১২৮২৩৩০, ১২৮২১৩৩, ১২৭৫৫৭০, ১২৮৩৩৭৭, ১২৭৫২৬৯, ১২৭৫৬৩২, ১২৭৫৪৭৮, ১২৮৪৫৯৭, ১২৮৪৬৫৮, ১২৮৩৫৬৮, ১২৮৩৭২০, ১২৭৫৪০২, ১২৭৫৫২৮, ১২৮৪৭৭৩, ১২৭৫৪২৯, ১২৭৪৩৯৯, ১২৮৪৭৯০, ১২৭৫৬১২, ১২৭৮৬৩২, ১২৭২৮৪২, ১২৭২৮১৮, ১২৭২৭৭৭, ১২৭২৮৩৩, ১২৭২৭২৩, ১২৪৪৪৬১, ১২৫২৮৯৮, ১২৫২৭৫৪, ১২৫২৯২৯, ১২৪৭৯৮৯, ১২৪৮০০৪, ১২৫২৭২৩, ১২৩৬০৭৫, ১১২৫১৩০. ১১২৫১২২, ১১২৫০৭৬, ১১২০৯১৪, ১১১৭১১৯, ১১১৪৯৮৪, ১১০৪৮৪১, ১০৯৯৯৪৭, ১০৯০৬০৭, ১০৭০৫১২. ১১২৪৯১৫, ১০৮৮৯০৬, ১০৯৩৪০৬, ১০৯৩৩৮৮, ১০৯২৩২৭, ১০৯২২৫৪, ১০৯২২০৭, ১০৯১৭৫০, ১০৯১৭২৭, ১০৯১৬৫৭, ১০৯৪৭৩৭, ১০৯৪৭৫৬, ১০৯৪৭৭৪, ১০৯৪৭৭০ ও ১০৯৪৭৬১, ১০৩৫৯১০, ১০৩৫৯৩৩, ১০৩৫৯৮৯, ১০৩৬১২৯, ১০৩৬১৪৬, ১০৩৬৪১৫, ১০৩৬৯৫৮, ১০৩৭১৩৪ সহ আরও শতাধিক টেন্ডার আইডি।

অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে চোখ কপালে তোলার মতো বেশ কিছু চাঞ্চল্যকর দুর্নীতির প্রমাণ উঠে এসেছে:

জিকে শামীমের মালামাল গায়েব: ২০১৯ সালে (বর্তমানে নিষিদ্ধ) যুবলীগ নেতা জিকে শামীম গ্রেপ্তারের পর শেরেবাংলা নগর এনবিআর ভবনের গুদামে থাকা প্রায় অর্ধশত কোটি টাকার নির্মাণসামগ্রী ও বৈদ্যুতিক ক্যাবল লোপাটের চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে মাসুদ রানার বিরুদ্ধে।
ভুয়া বিল-ভাউচারে আত্মসাৎ: ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে হাইকোর্ট, বিসিএস প্রশাসন একাডেমি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং মুগদা হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের নামে-বেনামে কাজ দেখিয়ে এবং কন্টিনজেন্সি খাতের ৭০ শতাংশ অর্থ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেছেন তিনি।
২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এপিপি) আওতায় কমিশনের বিনিময়ে কাজ সম্পন্ন না করেই ঠিকাদারদের পূর্ণ বিল পরিশোধের অভিযোগ উঠে। অভিযোগে বলা হয়েছে, প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকার পাঁচটি পৃথক দরপত্রের কাজের ক্ষেত্রে সরকারি নথিতে কাজ সম্পন্ন দেখিয়ে বিল পরিশোধ করা হয়েছে। তবে সরেজমিন পরিদর্শনে একাধিক কাজ অসম্পন্ন বা আংশিক সম্পন্ন অবস্থায় পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, মো. মাসুদ রানা পতিত আওয়ামী লীগ সরকারের আমলেও সুবিধাভোগী ছিলেন। তিনি ২২ আগস্ট ২০২১ থেকে ২৪ জুলাই ২০২৪ পর্যন্ত শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-৩, ঢাকায় কর্মরত ছিলেন।
অনুসন্ধান অনুযায়ী, দরপত্র আইডি নম্বর ১২৩৬২৩৯-এর মাধ্যমে ইস্কাটন গার্ডেন সরকারি অফিসার্স কোয়ার্টার্সের অরুণিমা-নিহারিকা ক্যাম্পাসের উত্তর ও দক্ষিণ পাশের ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ সীমানাপ্রাচীর পুনর্নির্মাণ এবং উচ্চতা বৃদ্ধির জন্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। দরপত্র নোটিশ অনুযায়ী কাজটি ২৩ জুন ২০২৬-এর মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত অর্থবছরের ক্লোজিংয়ের পর সরেজমিনে গিয়ে কাজটি অসম্পন্ন পাওয়া যায়। জুন ক্লোজিংয়ের সময় সরকারি নথিতে কাজ সম্পন্ন দেখিয়ে কমিশনের বিনিময়ে ঠিকাদারকে সম্পূর্ণ বিল পরিশোধ করা হয়েছে।
একইভাবে দরপত্র নম্বর ১২৩৬১৩০-এর মাধ্যমে ইস্কাটন গার্ডেন সরকারি কর্মকর্তা কোয়ার্টারের সোনালী-রূপালী ক্যাম্পাসের সামনের জরাজীর্ণ সীমানাপ্রাচীর পুনর্নির্মাণের জন্য প্রায় ৪০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। কাজটি ২৩ জুন ২০২৬-এর মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও অর্থবছরের ক্লোজিং পর্যন্ত তা সম্পন্ন হয়নি বলে এক অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপরও সরকারি নথিতে কাজ সম্পন্ন দেখিয়ে ঠিকাদারকে পূর্ণ বিল পরিশোধ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া ২০২৫-২০২৬ অর্থবছরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি এপিপি প্রকল্পের দরপত্রও আহ্বান করেন মো. মাসুদ রানা। এক অভিযোগে বলা হয়, এসব কাজের মধ্যে কিছু আংশিক সম্পন্ন এবং কিছু কাজ শুরুই না করেও সম্পূর্ণ বিল পরিশোধ করা হয়েছে।
দরপত্র নম্বর ১২৭৫৪০২-এর মাধ্যমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম ও নবম তলার কলামে থাকা ক্ষতিগ্রস্ত এসএস (SS) কলাম গার্ড এবং ভাঙা টাইলস পরিবর্তনের জন্য ১০ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। দরপত্র অনুযায়ী কাজটি ১৪ জুন ২০২৬-এর মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কলামের ভাঙা টাইলস এখনো পরিবর্তন করা হয়নি এবং এসএস কলাম গার্ডে মরিচা রয়েছে। অভিযোগ অনুযায়ী, কাজটি সম্পন্ন না হলেও এর পূর্ণ বিল পরিশোধ করা হয়েছে।
দরপত্র নম্বর ১২৭৫৪৭৮-এর মাধ্যমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু বিস্তার রোধে ওপরের ড্রেন মেরামত ও সংস্কার, সেপটিক ট্যাংক, সোক-ওয়েল ও ইনস্পেকশন পিট পরিষ্কার ও মেরামত, সয়েল পাইপ পরিষ্কার এবং হাসপাতাল ভবনের আশপাশের আবর্জনা ও আগাছা পরিষ্কারের জন্য প্রায় ১৪ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। অভিযোগে বলা হয়েছে, জুন ক্লোজিংয়ের সময় এই কাজের পূর্ণ বিল পরিশোধ করা হলেও সরেজমিনে হাসপাতাল ভবনের আশপাশে ময়লা-আবর্জনার স্তুপ দেখা গেছে।
এ ছাড়া দরপত্র আইডি নম্বর ১২৭৫৬৩৮-এর মাধ্যমে মুগদা ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের ক্ষতিগ্রস্ত ও জলমগ্ন বিটুমিনাস কার্পেটিং সড়ক এবং পার্কিং এলাকা মেরামতের জন্য প্রায় ২৪ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। অভিযোগে বলা হয়েছে, সরকারি নথিতে কাজ সম্পন্ন দেখিয়ে জুন ক্লোজিংয়ে ঠিকাদারকে পূর্ণ বিল পরিশোধ করা হয়েছে।

• ভাগ্নিজামাইকে কার্যাদেশ: সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের ভেতরের রঙকরণের টেন্ডারে (১৫৯৮৯ নম্বর আইডি) যোগ্যতম প্রতিষ্ঠানকে বাদ দিয়ে বেশি দরদাতা দ্বিতীয় স্থান অধিকারী ‘হোসেন এন্টারপ্রাইজ’ নামক নিজের ভাগ্নিজামাইয়ের প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেন তিনি।
• প্রাক্কলন দ্বিগুণ দেখিয়ে লুটপাট: শেরেবাংলা নগরে এনবিআর ভবনের বিভিন্ন সংস্কার ও অভ্যন্তরীণ কাজের নামে সাড়ে ৯ কোটি টাকা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেক্টোফিটিং ও অভ্যন্তরীণ সড়ক সংস্কারের ১৮ কোটি টাকার কাজে প্রাক্কলন দ্বিগুণ দেখিয়ে প্রায় ৫ কোটি টাকা লোপাট করা হয়েছে।
• স্থাপনার মূল্য বৃদ্ধি: এরআগে, ২০২৩ সালের জুনে হাতিরঝিল-রামপুরা-ডেমরা মহাসড়ক নির্মাণ অধিগ্রহণকৃত জমির স্থাপনার মূল্য প্রকৃত মূল্যের চেয়ে ৩ থেকে ৪ গুণ বেশি দেখিয়ে অর্ধশতাধিক কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আন্দোলন দমনে অর্থ জোগান ও শত কোটির ‘রূপকথার সাম্রাজ্য’
সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন শাসকগোষ্ঠীর পক্ষে অবস্থান নিয়ে ছাত্র-জনতার আন্দোলন দমনে আর্থিক সহায়তা জুগিয়েছিলেন এই প্রকৌশলী। এই বিপুল পরিমাণ অবৈধ আয়ের টাকা দিয়ে তিনি নিজের নামে, স্ত্রীর নামে এবং আত্মীয়-স্বজনের নামে ঢাকা ও পাবনায় গড়ে তুলেছেন শত কোটি টাকার সম্পদ:
• গুলশানে আলিশান ফ্ল্যাট: রাজধানী গুলশানে এক আলিশান ফ্ল্যাট কিনেছেন, যা মূলত তাঁর ঘনিষ্ঠ এক ঠিকাদারের কাছ থেকে নেওয়া।
• বনশ্রীতে ৫ তলা বাড়ি: রামপুরা বনশ্রীর ডি-ব্লকের ৫৪/ডি নম্বর রোডে প্রায় ৮ কোটি টাকা বাজারমূল্যের একটি পাঁচ তলা আলিশান বাড়ি রয়েছে তার।
• স্ত্রীর নামে ফ্ল্যাট ও দোকান: রামপুরা বনশ্রীর এফ-ব্লকের (বাসা-৭৯/১/এফ, মোল্লা ম্যানশন) দ্বিতীয় তলায় স্ত্রীর নামে ১,২০০ স্কয়ার ফিটের দুটি ফ্ল্যাট (মূল্য ১.৫ কোটি টাকা) এবং বসুন্ধরা সিটির ৫ম তলার বি-ব্লকে ৫৯/বি এবং ৭৮/বি নম্বরের দুটি দোকান (মূল্য ২ কোটি টাকা) কিনেছেন।
• মোহাম্মদপুরে ১০ কাঠার প্লট: মোহাম্মদপুরের বাবর রোডের ৯ নম্বর রোডের ১৮৯/এ নম্বর ঠিকানায় নিজের নামে কিনেছেন ১০ কাঠার বিশাল প্লট, যার বর্তমান বাজার মূল্য ১০ কোটি টাকারও বেশি। এছাড়া মোহাম্মদপুরে একটি বাড়িসহ রাজধানী ও শ্বশুরবাড়ির লোকজনের নামে ছড়িয়ে আছে বিপুল পরিমাণ বিলাসবহুল ফ্ল্যাট ও জমি।
বিশেষজ্ঞ মহলের উদ্বেগ ও তদন্তের দাবি
অভিযুক্ত প্রকৌশলী মাসুদ রানার এ ধরনের বেপরোয়া দুর্নীতি ও মেগা প্রজেক্ট দখলের প্রতিযোগিতা অব্যাহত থাকলে দেশের স্বাস্থ্যখাত এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। বিশেষজ্ঞ মহলের মতে, সরকারি তহবিলের অপচয় রোধ এবং প্রশাসনিক সুশাসন ফিরিয়ে আনতে হলে এ ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ গ্রহণ করা জরুরি। কেবল বদলি বা সাময়িক লটারির মারপ্যাচে পার পাওয়ার সুযোগ না রেখে দুদক ও সরকারের উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।