
বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানি করা সুতা, কাঁচামাল ও কেমিক্যালের ব্যবহারে অনিয়মের অভিযোগে নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযানে প্রতিষ্ঠানগুলোর আমদানি, উৎপাদন ও মজুতসংক্রান্ত নথিপত্র যাচাই করে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একাধিক প্রিভেন্টিভ টিম অভিযানে অংশ নেয়। এ সময় সংশ্লিষ্ট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহযোগিতা নেওয়া হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানি করা সুতা, কাঁচামাল ও কেমিক্যাল অনুমোদিত উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার না করে অবৈধভাবে খোলাবাজারে সরবরাহের অভিযোগ রয়েছে। এভাবে পণ্য সরবরাহের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকির আশঙ্কা তৈরি হয়েছে।
অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর গুদামে মজুত সুতা, ফেব্রিক্স, কেমিক্যাল ও অন্যান্য কাঁচামালের প্রকৃত পরিমাণ যাচাই করা হয়। এ সময় প্রতিষ্ঠানের স্টক রেজিস্টার এবং কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) তথ্যের সঙ্গে বাস্তব মজুতের ব্যাপক অসংগতি পাওয়া যায়।
পরবর্তী সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) থেকে আমদানিসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এতে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য উঠে আসে।
ছয় প্রতিষ্ঠানে যত টাকার রাজস্ব ফাঁকির তথ্য
প্রাথমিক তদন্তে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া গেছে, সেগুলো হলো—
সিম ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ—প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা। জাহিন নীটওয়্যার্স লিমিটেড, বন্দর, নারায়ণগঞ্জ—প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা। সানজানা ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ—প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা, বোনাফাইড নিটিং মিলস লিমিটেড, আড়াইহাজার, নারায়ণগঞ্জ—প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা।ও মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ—প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা এবং জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড**, বন্দর, নারায়ণগঞ্জ—প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকা।
বন্ড সুবিধার আড়ালে রাজস্ব ফাঁকির আশঙ্কা
রপ্তানিমুখী শিল্পের উৎপাদন ব্যয় কমানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে সরকার বন্ড সুবিধা দিয়ে থাকে। এ সুবিধার আওতায় নির্দিষ্ট শর্তে শুল্ক-কর ছাড়াই কাঁচামাল আমদানির সুযোগ পান সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলো।
তবে বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রপ্তানির কাজে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানিকারী বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন।
কাস্টমস গোয়েন্দার অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সের ঘাটতি পাওয়া গেছে। আবার কয়েকটি প্রতিষ্ঠানে ঘোষিত হিসাবের তুলনায় অতিরিক্ত পণ্য মজুত থাকার তথ্যও মিলেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এসব অসংগতি বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহার ও রাজস্ব ফাঁকির ঝুঁকির বিষয়টি সামনে এনেছে।
চূড়ান্ত তদন্তে পরিবর্তন হতে পারে রাজস্ব ফাঁকির পরিমাণ
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে আমদানি, উৎপাদন, মজুত ও কাঁচামাল ব্যবহারের তথ্যসহ প্রয়োজনীয় দলিলপত্র সংগ্রহ করা হয়েছে। এসব নথি ও তথ্যের অধিকতর যাচাই-বাছাই এবং বিশ্লেষণ কার্যক্রম চলমান রয়েছে।
প্রাথমিকভাবে পাওয়া ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব ফাঁকির পরিমাণ চূড়ান্ত তদন্তে পরিবর্তিত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আশা করছে, বন্ড সুবিধার অপব্যবহার, অবৈধভাবে পণ্য সরবরাহ এবং রাজস্ব ফাঁকির বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে এ ধরনের অনিয়ম কমবে। পাশাপাশি শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানির প্রবণতা বাড়বে, যা সরকারের রাজস্ব আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।















