ঘুস-হয়রানির অভিযোগে শিবচরে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে তালা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুস দাবি, দলিল আটকে রাখা ও হয়রানির অভিযোগ তুলে আন্দোলন করেছেন দলিল লেখকেরা। এ ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ আন্দোলন করেন তারা।

আন্দোলনের একপর্যায়ে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভেতর থেকে দরজায় তালা লাগিয়ে দেন। পরে আন্দোলনরত দলিল লেখকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের কাছে লিখিত অভিযোগ দেন। একই সঙ্গে অভিযুক্ত সাব-রেজিস্ট্রারের দ্রুত অপসারণ দাবি করেন তারা।

দলিল লেখকদের অভিযোগ, গত ৮ নভেম্বর শিবচর সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন আবরার ইবনে রহমান। যোগদানের পর থেকেই বিভিন্ন অজুহাতে দলিল নিবন্ধন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছেন তিনি। বিভিন্ন আইনের কথা বলে দলিল আটকে রেখে পরে নিবন্ধনের জন্য লাখ লাখ টাকা ঘুস দাবি করা হচ্ছে। ঘুস দিলে দলিল নিবন্ধন করে দেওয়া হয় বলেও অভিযোগ তাদের।

শিবচর দলিল লেখক সমিতির সভাপতি ইব্রাহিম মুন্সী বলেন, তারা দীর্ঘদিন ধরে এ কার্যালয়ে কাজ করছেন। কিন্তু এমন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা আগে দেখেননি। বিভিন্ন আইনের অজুহাতে দলিল আটকে রেখে পরে লাখ লাখ টাকা ঘুস দাবি করা হচ্ছে। ঘুস দিলে কাজ করে দেওয়া হচ্ছে।

সমিতির সাধারণ সম্পাদক মো. আশিক বলেন, গত সপ্তাহে যোগদানের পর থেকেই সাব-রেজিস্ট্রার ঘুস ছাড়া কোনো কাজ করতে চাইছেন না। বিভিন্নভাবে দলিল লেখকদের হয়রানি করছেন। তারা তার দ্রুত অপসারণ চান।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাব-রেজিস্ট্রার আবরার ইবনে রহমান। তিনি বলেন, অল্প কয়েক দিন হলো তিনি এখানে যোগদান করেছেন। সরকারি বিধিমালা অনুসারেই দলিল নিবন্ধনের কাজ করছেন। দলিল লেখকেরা অনেক ত্রুটিযুক্ত দলিল নিয়ে আসেন। সেগুলো নিবন্ধনের অনুমতি না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলা এবং সরকারি অফিস ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেন তিনি।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, সকালে দলিল লেখকেরা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অন্যদিকে সাব-রেজিস্ট্রারও দলিল লেখকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সরকারি অফিস ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিগগিরই দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে শিবচর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।