
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, আয়কর বিভাগ, বিভাগীয় দপ্তর এবং বিভিন্ন সার্কেলে প্রশাসনিক বৈষম্য, বাধ্যতামূলক অবসর, পদোন্নতি ও পদায়ন নিয়ে অসন্তোষ ক্রমেই বাড়ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের অভাবে কর্মকর্তা-কর্মচারীদের মনোবল কমছে, যা রাজস্ব আহরণের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ, বর্তমান চেয়ারম্যান আহসান হাবিব সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খানের পরামর্শ অনুযায়ী এনবিআর পরিচালনা করছেন। তাঁদের দাবি, দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও বৈষম্য নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই ব্যানারে আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আচরণ ও বিচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তাঁরা মনে করেন।
অভিযোগ রয়েছে, যোগ্য ও সৎ কর্মকর্তা-কর্মচারীদের ষড়যন্ত্রমূলকভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযোগ নিরপেক্ষভাবে পর্যালোচনা ও নিষ্পত্তি করা না হলে এনবিআরের প্রশাসনিক স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। সংশ্লিষ্টদের আরও অভিযোগ, জ্যেষ্ঠতা ও যোগ্যতার পরিবর্তে ব্যক্তিগত পরিচিতি এবং বিশেষ মহলের প্রভাব পদোন্নতি ও পদায়নে ভূমিকা রাখছে। এমনকি দীর্ঘদিন অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেও অনেকে কমিশনার পদে পদোন্নতি পাননি।
সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খানের আমলে নেওয়া বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত ও ক্ষমতা প্রয়োগ নিয়েও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, বিগত দিনের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্ত করা প্রয়োজন। বিশেষ করে এনবিআর ঐক্য পরিষদের আন্দোলনকে কেন্দ্র করে যেসব কর্মকর্তা-কর্মচারী বাধ্যতামূলক অবসরের শিকার হয়েছেন, তাঁদের বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।
কর্মকর্তাদের দাবি, আন্দোলনে অংশগ্রহণ কিংবা ভিন্নমতের কারণে কেউ যেন পদোন্নতি, পদায়ন ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন। একই সঙ্গে কোনো কর্মকর্তা-কর্মচারী যেন অন্যায়ভাবে হয়রানি বা আক্রমণের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে প্রচলিত আইন ও বিধিবিধান পর্যালোচনা করে ষড়যন্ত্রমূলকভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তা-কর্মচারীদের পুনরায় চাকরিতে যোগদানের সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, “বিগত দিনের আন্দোলনের পেছনে থাকা বৈষম্য ও বঞ্চনার বিষয়গুলো নিরপেক্ষভাবে সমাধান করতে হবে। কাস্টমস, আয়কর ও ভ্যাট বিভাগের সব বৈষম্য দূর না হলে প্রশাসনে স্বচ্ছতা ও কর্মকর্তাদের আস্থা ফিরিয়ে আনা কঠিন হবে।”
সংশ্লিষ্টদের দাবি, বর্তমান এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবের অন্যতম দায়িত্ব হলো বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তা-কর্মচারীদের বিষয়গুলো পর্যালোচনা করে তাঁদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া। তাঁদের মতে, যোগ্য ও দায়িত্বশীল চেয়ারম্যান হিসেবে তাঁর নেতৃত্বে বিষয়গুলোর দ্রুত নিষ্পত্তি, পদোন্নতি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত, বিতর্কিত প্রশাসনিক সিদ্ধান্ত পর্যালোচনা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করেন, পরস্পরের প্রতি দোষারোপ না করে অতীতের সমস্যাগুলো দ্রুত সমাধান করাই এখন সবচেয়ে জরুরি।
রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত করতে হলে এনবিআরের অভ্যন্তরীণ বৈষম্য দূর করা, প্রশাসনিক জবাবদিহি প্রতিষ্ঠা এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা অপরিহার্য। এখন দেখার বিষয়, বর্তমান চেয়ারম্যান আহসান হাবিবের নেতৃত্বে দীর্ঘদিনের এসব প্রশাসনিক জটিলতা ও অসন্তোষের কার্যকর নিষ্পত্তি হয় কি না।















