২৮ বছর পায়ে হেঁটে সাংবাদিকতা, সংগ্রামে আজহার ইমাম

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: সকালে কাঁধে কালো ব্যাগ, হাতে কলম আর নোটপ্যাড। প্রতিদিন এভাবেই বাড়ি থেকে বের হন তিনি। কখনো শহরের অলিগলি, কখনো গ্রামের মেঠোপথ, আবার কখনো হাটবাজার কিংবা সরকারি-বেসরকারি দপ্তর—সবখানেই তার বিচরণ সংবাদের খোঁজে। বয়সের ভার, সংসারের অভাব-অনটন, অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী স্ত্রী এবং ছোট মেয়ের দায়িত্ব—সবকিছু নিয়েই চলছে তার জীবন। অথচ দীর্ঘ ২৮ বছরের সাংবাদিকতা জীবনে সংবাদ সংগ্রহের জন্য জোটেনি একটি সাইকেল কিংবা মোটরসাইকেলও। তাই পায়ে হেঁটেই ছুটে চলেছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তিনি দিনাজপুরের বিরামপুরের প্রবীণ সাংবাদিক আজহার ইমাম।
৬০ বছর বয়সী আজহার ইমামের সাংবাদিকতা জীবনের শুরু ১৯৯৬ সালে। সাপ্তাহিক ‘হিলিবার্তা’ পত্রিকার মাধ্যমে তার পথচলা শুরু। সেখানে প্রায় ১০ বছর কাজ করার পর যুক্ত হন বগুড়া থেকে প্রকাশিত দৈনিক ‘আজ ও আগামীকাল’ পত্রিকায়। এরপর দৈনিক ‘দুর্জয় বাংলা’, ঢাকার দৈনিক ‘আমাদের অর্থনীতি’, ‘আমাদের সময়’ এবং দৈনিক ‘কালবেলা’য় সাংবাদিকতা করেছেন। একের পর এক পত্রিকায় কাজ করে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করলেও ভাগ্যের চাকা ঘোরেনি তার। পেশাগত নিষ্ঠা থাকলেও জীবনে আসেনি আর্থিক স্বচ্ছলতা।
সংবাদ সংগ্রহে তার সবচেয়ে বড় অবলম্বন নিজের দুই পা। রোদ-বৃষ্টি কিংবা শীত-গরম, কোনো প্রতিকূলতাই তাকে থামাতে পারেনি। কখনো কয়েক কিলোমিটার পথ হেঁটে সংবাদ সংগ্রহ করেছেন। অনেকের কাছে যেখানে মোটরসাইকেল সাংবাদিকতার অপরিহার্য বাহন, সেখানে আজহার ইমামের কাছে কালো ব্যাগ আর নোটপ্যাডই দীর্ঘদিনের সঙ্গী।
বিরামপুর পৌর এলাকার স্কুলপাড়া গ্রামে জন্ম ও বেড়ে ওঠা আজহার ইমামের। বাবা প্রয়াত জফিরুল হাসান ফারুকী ছিলেন মসজিদের ইমাম। পাশাপাশি আরবি পড়াতেন শিক্ষার্থীদের। মা প্রয়াত ফজিলাতুন নেছা ছিলেন গৃহিণী। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি তৃতীয়।
১৯৮২ সালে মাধ্যমিক পাস করেন আজহার ইমাম। পরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন। পড়াশোনা শেষে জীবিকার স্থায়ী কোনো অবলম্বন গড়ে তুলতে না পারলেও সাংবাদিকতাকেই জীবনের পেশা হিসেবে বেছে নেন।
একসময় স্কুলপাড়া এলাকায় তাদের ২৩ শতক বসতভিটা ছিল। পারিবারিক সম্পত্তি ভাগ-বণ্টনের পর নিজের ভাগে পাওয়া জমিও ধরে রাখতে পারেননি তিনি। মায়ের চিকিৎসার খরচ জোগাতে সেই জমিটুকুও বিক্রি করতে হয়। এরপর থেকে ভাড়া বাড়িই তার পরিবারের ঠিকানা। দীর্ঘদিন মানুষের নানা সমস্যা ও সম্ভাবনার খবর তুলে ধরলেও নিজের মাথা গোঁজার স্থায়ী ঠিকানা আজও গড়ে ওঠেনি।
সংসারজীবনেও প্রতিনিয়ত কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। স্ত্রী লাবনী খাতুন শারীরিক প্রতিবন্ধী ও অসুস্থ। একমাত্র মেয়ে আয়েশা লাবিবা তুবা পড়ে তৃতীয় শ্রেণিতে। স্ত্রী-সন্তানের ভরণপোষণ, চিকিৎসা ও পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খেতে হয়। বয়সের কারণে আগের মতো চলাফেরা করাও সহজ নয়। তারপরও প্রতিদিন সংবাদ সংগ্রহের নেশায় ঘর থেকে বের হন তিনি।
নিজের দীর্ঘ সাংবাদিকতা জীবনের কথা বলতে গিয়ে আজহার ইমাম বলেন, ‘১৯৯৬ সালে সাপ্তাহিক হিলিবার্তা দিয়ে আমার সাংবাদিকতা শুরু। এরপর একে একে বিভিন্ন পত্রিকায় কাজ করেছি। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় কোনো দিন মোটরসাইকেল বা সাইকেল কিনতে পারিনি। তাই পায়ে হেঁটেই সংবাদ সংগ্রহ করেছি। এখনো প্রতিদিন সকালে ব্যাগ, কলম ও প্যাড নিয়ে বের হই। শহর-গ্রাম ঘুরে তথ্য সংগ্রহ করি। সাংবাদিকতাই আমার জীবনের সঙ্গে মিশে গেছে।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকতা করতে গিয়ে অনেক কষ্ট করেছি। কিন্তু জীবনে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর কাছ থেকে ব্যক্তিগতভাবে কোনো সুবিধা নিইনি। একসময় দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক আমাকে বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই আশ্বাস বাস্তবায়ন হয়নি। এখন নতুন রাজনৈতিক পরিস্থিতিতে আমার মতো একজন অসহায় সাংবাদিকের পাশে কেউ দাঁড়াবেন কি না, জানি না।’
আজহার ইমামের জীবন যেন মফস্বল সাংবাদিকতার এক নীরব বাস্তবতা। যাঁরা প্রতিদিন মানুষের সুখ-দুঃখ, সমস্যা, অনিয়ম ও সম্ভাবনার খবর তুলে ধরেন, তাঁদের অনেকের জীবনেই থেকে যায় অপ্রাপ্তি। দীর্ঘ ২৮ বছর ধরে মানুষের খবরের পেছনে ছুটে চলা এই প্রবীণ সাংবাদিকের নিজের জীবনেই রয়ে গেছে অসংখ্য অপূর্ণতা। নেই স্থায়ী আবাস, নেই সংবাদ সংগ্রহের বাহন, নেই নিশ্চিত আর্থিক নিরাপত্তা। তবু থেমে নেই তার পথচলা। কাঁধে সেই কালো ব্যাগ, হাতে কলম-নোটপ্যাড নিয়ে প্রতিদিনই বেরিয়ে পড়েন তিনি। কারণ, সাংবাদিকতা এখন আর শুধু তার পেশা নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ।