কালকিনিতে চোরাই স্বর্ণ ও ২.৪০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাইকাজে ব্যবহৃত সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সুজন সর্দার (৩৪) ও কালকিনি বাজারের বিসমিল্লাহ জুয়েলার্সের স্বত্বাধিকারী এনামুল হক (৪৬)।

পুলিশ জানায়, কয়েক দিন আগে কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকার একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে চুরি হয়। এ ঘটনায় ফ্ল্যাটের বাসিন্দা জান্নাতুল হুসনা থানায় লিখিত অভিযোগ করেন। পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজের সহায়তায় তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে সুজন সর্দারকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে সহযোগী হিসেবে এনামুল হকের নাম জানান। পরে পুলিশ এনামুল হককেও গ্রেপ্তার করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে এনামুল হকের জুয়েলারি দোকান থেকে স্বর্ণের গলার হার, কানের দুল, টিকলি, ব্রেসলেট ও গলিত স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়। একই সঙ্গে নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ও চোরাইকাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।