
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরের শিবচর উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ) এর দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ও শনিবার (১৭ অক্টোবর) উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নে টেংরামারী এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশীয় প্রজাতির কৃষ্ণচূড়া,শিমুল, পেয়ারার চারা ও এক হাজার তালের বীজ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ হাওলাদার, সংগঠনের উপদেষ্টা মোশারফ হোসেন, সভাপতি ওয়াহীদুজ্জামান, সিনিয়র সদস্য রাশেদুল হাসান রায়হান, এস.এম. দেলোয়ার হোসাইন, সানাউল্লাহ, মো. রাসেল, মো. আল আমিনসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী।
কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার উদ্যোগ নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করার সামাজিক দায়িত্বও। সমাজের সচেতন মানুষ নিয়মিত বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করলে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে আগামী প্রজন্মকে রক্ষা করা সম্ভব।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ হাওলাদার বলেন, দেশ সংগঠন দীর্ঘ ১৮বছর ধরে শিবচরে বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক, স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রজনন স্বাস্থ্যশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ কর্মসূচির জন্য আমি দুই হাজার তালের বীজ দিয়েছি। ইনশাআল্লাহ, সামনেও আরও বীজ দেব।
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও স্বেচ্ছাসেবীরা।















