
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রায় ৮০ লাখ নির্মাণ শ্রমিকের কর্মক্ষেত্রে নিরাপত্তা, নিয়োগপত্র, পরিচয়পত্র ও জীবনযাপন উপযোগী মজুরি নিশ্চিত করার দাবি জানিয়েছে নির্মাণ শ্রমিকদের সংগঠন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে নির্মাণ শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তাঁরা দীর্ঘদিন ধরে নানা বঞ্চনা ও অবহেলার শিকার। অনেক শ্রমিককে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে হচ্ছে। দুর্ঘটনায় আহত বা নিহত হলে চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণেরও পর্যাপ্ত ব্যবস্থা নেই।
বক্তারা বলেন, শ্রম আইন অনুযায়ী নিয়োগপত্র দেওয়া বাধ্যতামূলক হলেও অধিকাংশ নির্মাণ শ্রমিকই এ অধিকার থেকে বঞ্চিত। ফলে তাঁরা মজুরি বঞ্চনা ও মালিকপক্ষের হয়রানির শিকার হচ্ছেন।
সংবাদ সম্মেলনে নির্মাণ শ্রমিকদের জন্য ১২ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—শ্রম আইন অনুযায়ী নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন উপযোগী মজুরি নির্ধারণ।
এ ছাড়া কর্মক্ষেত্রে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করা এবং দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিকদের চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানানো হয়।















