
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (CIID) বি ও সি-শিফটের পৃথক অভিযানে ৬২৫ কার্টন বিদেশি সিগারেট, বিপুল পরিমাণ Whitening Serum, জর্দা ও বিদেশি লিকার আটক করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।
মহাপরিচালকের কাছে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে বি-শিফট দুবাই থেকে আসা Emirates-এর EK584 ফ্লাইটে অভিযান চালায়। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৫৪০ কার্টন সিগারেট ও ১.২৪ কেজি Whitening Serum জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৮০ হাজার টাকা।
অন্যদিকে, সি-শিফট দিল্লি থেকে আসা Air India-এর AI237 ফ্লাইটে অভিযান চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে ৮৫ কার্টন সিগারেট, ২৭৬ পিস Biscos Whitening Serum ও ৫ কেজি জর্দা আটক করে। এছাড়া কাতার থেকে আসা QR640 ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি লিকার জব্দ করা হয়। সি-শিফটের আটক পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।
CIID জানিয়েছে, চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে শাহজালাল বিমানবন্দরে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।















