ল্যাবএইডে রোগীর কেবিন থেকে আইফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের একটি কেবিন থেকে রোগী ও তার স্বজনের ব্যাগ চুরির অভিযোগ উঠেছে। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি আইফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর থেকে চিকিৎসা নিতে আসা নিউমোনিয়ায় আক্রান্ত ২২ বছর বয়সী জাকিয়া ইসলাম রিহা গত ১১ আগস্ট থেকে হাসপাতালের ৫৫৫ নম্বর কেবিনে অধ্যাপক সাইদুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

সকালে রোগী ও তার মা রাতভর ঘুমহীন থাকার কারণে কিছুটা তন্দ্রাচ্ছন্ন ছিলেন। সকাল আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে কক্ষ পরিষ্কারের জন্য এক নারী পরিচ্ছন্নতাকর্মী কেবিনে প্রবেশ করেন। এ সময় হাসপাতালের লনে কয়েকজন পুরুষকে চলাচল করতে দেখা যায় বলে অভিযোগকারীরা জানিয়েছেন। তাদের চলাচলের কিছু দৃশ্য হাসপাতালের সিসিটিভি ফুটেজে রয়েছে বলেও দাবি করা হয়েছে।

পরে রোগীর তন্দ্রা কাটলে কেবিনের দরজার পাশে রাখা ব্যাগটি দেখতে পান। ব্যাগে থাকা একটি আইফোন প্রো ম্যাক্স ১৭, যার মূল্য প্রায় ১ লাখ ৮৬ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের রুলি, দুটি আংটি এবং নগদ ৪৫ হাজার টাকা পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, হাসপাতালের মতো নিরাপত্তা ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে উচ্চমানের সেবা প্রত্যাশিত একটি প্রতিষ্ঠানে এমন ঘটনা রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তাদের আরও অভিযোগ, একই দিনে হাসপাতালে একাধিক চুরির ঘটনা ঘটেছে।

ঘটনার পর দীর্ঘ সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ঘটনার সঙ্গে কারা জড়িত, সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তিদের পরিচয় এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে তদন্ত চলছে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।