
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নড়াইল জেলা কারাগারের ডেপুটি জেলার সাইফুল ইসলামসহ তিন কর্মচারীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
বাকি দুজন হলেন রংপুরের কেন্দ্রীয় কারাগারের ল্যাব টেকনিশিয়ান মো. রাফিকুল ইসলাম ও একই কারাগারের ফ্যাক্টরি ওভারশিয়ার মো. জহুরুল ইসলাম। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক ৩টি সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন হয়েছে বলে জানায় দুদক।
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় অভিযোগ আনা হয়েছে। আদেশ অনুযায়ী ওই ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে তাদের নিজ নামে ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণী দাখিল করতে হবে। সম্পদ বিবরণী পাওয়ার পর তাদের ঘোষিত সম্পদের সঙ্গে বৈধ আয় ও আয়ের উৎসের সামঞ্জস্য যাচাই করবে দুদক। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।















