
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয় রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ বেড়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে দাফতরিক পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এনবিআরের বোর্ড প্রশাসনের এস্টেট শাখা থেকে এ-সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়। আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
নোটিশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ অনেক বেড়ে যাওয়ায় নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে রাজস্ব ভবনে কর্মরত এনবিআর ও অন্যান্য দফতরের সব কর্মকর্তা-কর্মচারীকে দাফতরিক পরিচয়পত্র ব্যবহার করে ভবনে প্রবেশ করতে হবে।
এনবিআরের প্রধান কার্যালয় রাজস্ব ভবনে সংস্থাটির গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগ ও দফতরের কার্যালয় রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সেল, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, বৃহৎ করদাতা ইউনিট, আন্তর্জাতিক কর ইউনিট এবং বিভিন্ন কর আপিল অঞ্চল রয়েছে। একই ভবনে এনবিআরের বাইরের কয়েকটি দফতর ও ট্রাইব্যুনালের কার্যালয়ও রয়েছে।
নতুন নির্দেশনার আওতায় এসব দফতরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরও পরিচয়পত্র প্রদর্শন করে ভবনে প্রবেশ করতে হবে। এর ফলে কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগতদের সহজে শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করছে এনবিআর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরিচয় ব্যবহার করে বহিরাগতদের রাজস্ব ভবনে প্রবেশের প্রবণতা বেড়েছে। বিশেষ করে রাজনৈতিক পরিচয়ে বিভিন্ন ব্যক্তির ভবনে আসা-যাওয়ার কারণে নিরাপত্তা ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হচ্ছিল।
এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব নেওয়ার পর তাকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন ব্যক্তি ও কর্মকর্তার ভিড় নিয়ন্ত্রণেও পদক্ষেপ নেওয়া হয়। চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর প্রবণতা নিরুৎসাহিত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যাচের কর্মকর্তাদের একসঙ্গে এসে চেয়ারম্যানকে শুভেচ্ছা জানানোর বিষয়টিও বন্ধ করা হয়।
এ ছাড়া অফিস চলাকালে অনুমতি ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে এসব উদ্যোগের পরও রাজনৈতিক বা অন্যান্য পরিচয় ব্যবহার করে বহিরাগতদের প্রবেশ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্যও শুধু পোশাক বা বাহ্যিক পরিচয়ের ভিত্তিতে ভবনের কর্মকর্তা-কর্মচারী এবং বহিরাগতদের আলাদা করে শনাক্ত করা সব সময় সম্ভব হচ্ছিল না। এ কারণে এবার রাজস্ব ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দাফতরিক পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা হলো।
এনবিআরের দ্বিতীয় সচিব (এস্টেট) মো. রমিজ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত নোটিশটি এনবিআরের সব সদস্য, বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটের প্রধান, আপিল ট্রাইব্যুনাল, কেন্দ্রীয় গোয়েন্দা সেল, বৃহৎ করদাতা ইউনিট, আন্তর্জাতিক কর ইউনিটসহ রাজস্ব ভবনে থাকা সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।
নোটিশের অনুলিপি এনবিআর চেয়ারম্যানের একান্ত সচিব, সদস্য (বোর্ড প্রশাসন) এবং প্রথম সচিব (বোর্ড প্রশাসন)-এর কাছেও পাঠানো হয়েছে।















