নথি কারসাজিতে ১৪৬ কোটি টাকার রাজস্ব ক্ষতি, কর কর্মকর্তা লিংকন রায় বরখাস্ত

সরকারের প্রায় ১৪৬ কোটি ৫৭ লাখ টাকার রাজস্ব ক্ষতির ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপকর কমিশনার লিংকন রায়কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আয়কর নথিতে কারসাজি করে করের পরিমাণ কমিয়ে দেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে ২০২৫ সালের আগস্টে একই ঘটনায় লিংকন রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় চূড়ান্তভাবে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, লিংকন রায় কর অঞ্চল-৫, ঢাকার সার্কেল-৯০ (কোম্পানিজ)-এ দায়িত্ব পালনকালে ধামশুর ইকোনমিক জোন লিমিটেডের ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষের নিষ্পত্তিকৃত আয়কর মামলায় নতুন আদেশপত্র ও কর নির্ধারণ আদেশ তৈরি করেন।
আগের কর্মকর্তা ওই দুই করবর্ষে প্রতিষ্ঠানটির ওপর যথাক্রমে প্রায় ৭২ কোটি ৯৬ লাখ টাকা এবং ৭৩ কোটি ৬১ লাখ টাকা কর নির্ধারণ করেছিলেন। দুই বছরের মোট কর দাবি ছিল ১৪৬ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার ৫৫৩ টাকা।

অভিযোগ রয়েছে, পরবর্তী সময়ে নতুন করে কর নির্ধারণের মাধ্যমে ২০২০-২১ করবর্ষের কর দাবি শূন্য এবং ২০২১-২২ করবর্ষের কর দাবি মাত্র ১ হাজার ২৯৯ টাকায় নামিয়ে আনা হয়। এর ফলে সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে মূল কর নির্ধারণী নথিও গায়েব করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) লিংকন রায়সহ কর অঞ্চল-৫-এর সাবেক কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক ও অতিরিক্ত কমিশনার গোলাম কবীরের বিরুদ্ধে মামলা করেছে।

রাজস্ব নথিতে কারসাজি করে এত বড় অঙ্কের ক্ষতির ঘটনায় লিংকন রায়ের চাকরিচ্যুতিকে প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।