বরহামগঞ্জ পোস্ট অফিসের নাম পরিবর্তনে ভোগান্তির আশঙ্কা

মো. আবুল খায়ের খান, শিবচর (মাদারীপুর) :

মাদারীপুরের শিবচর উপজেলার ঐতিহ্যবাহী বরহামগঞ্জ পোস্ট অফিসের নাম পরিবর্তন করে ‘শিবচর পোস্ট অফিস’ করা হলে চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। শত বছরের পুরোনো এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা।

পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত বরহামগঞ্জ পোস্ট অফিসটি শিবচর উপজেলা শহরের ২৬ শতাংশ জমির ওপর অবস্থিত। ৭৯৩০ কোডের এই ডাকঘরের অধীনে উপজেলার ১৮টি ইউনিয়নে ২৬টি শাখার মাধ্যমে ৫৪ জন কর্মচারী সেবা দিয়ে আসছেন। এছাড়া বাহাদুরপুর পোস্ট অফিস (কোড-৭৯৩২) ও উমেদপুর পোস্ট অফিসে (কোড-৭৯৩৩) আরও ছয়জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের আশঙ্কা, বরহামগঞ্জ পোস্ট অফিসের নাম পরিবর্তন করা হলে দীর্ঘদিনের ঐতিহ্য ও পরিচিতি বিলীন হওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা তৈরি হবে। বিশেষ করে প্রবাসী, চাকরিজীবী, ভোটার, বিভিন্ন লাইসেন্সধারী, ব্যাংক-বিমার গ্রাহক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের পুরোনো ও নতুন ঠিকানা নিয়ে বিভ্রান্তিতে পড়তে হতে পারে।

এছাড়া ডাকযোগে চিঠিপত্র, সরকারি-বেসরকারি কাগজপত্র, পার্সেল ও গুরুত্বপূর্ণ নথি আদান-প্রদানে ভুল ঠিকানা ব্যবহারের কারণে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যাংক, বীমা, শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের নথিতে ঠিকানা পরিবর্তন করতে হলে সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হতে পারে বলেও মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, বরহামগঞ্জ নামটি দীর্ঘদিন ধরে ডাক বিভাগের পাশাপাশি সরকারি-বেসরকারি নথিপত্র, ঠিকানা ও মানুষের দৈনন্দিন যোগাযোগে ব্যবহৃত হয়ে আসছে। তাই নাম পরিবর্তনের আগে স্থানীয় জনগণের মতামত নেওয়া প্রয়োজন।

বরহামগঞ্জ পোস্ট অফিসের পোস্টমাস্টার মো. হাবিবুর রহমান বলেন, ‘নয় মাস আগে এই অফিসে যোগদান করেছি। এ বিষয়ে আগে কিছু জানতাম না। তবে পরিপত্র জারি হয়েছে এবং বরহামগঞ্জ পোস্ট অফিসের নাম পরিবর্তন করে শিবচর পোস্ট অফিস করার কথা রয়েছে।’

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, বরহামগঞ্জ পোস্ট অফিসের নাম পরিবর্তন করে শিবচর পোস্ট অফিস করার বিষয়ে একটি পরিপত্র পাওয়া গেছে। তবে স্থানীয়রা নাম পরিবর্তন না চাইলে লিখিত আবেদন করলে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। জনগণের স্বার্থ বিবেচনায় বিষয়টি কর্তৃপক্ষ দেখবে।
মাদারীপুর উপবিভাগীয় পোস্ট অফিস পরিদর্শক মো. জিহাদুল ইসলাম বলেন, নাম পরিবর্তনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এ বিষয়ে তার বিস্তারিত জানা নেই।

পোস্টমাস্টার জেনারেল ও ডিভিশনাল প্রধান তাহমিনা মমতাজ বলেন, দীর্ঘদিনের নাম পরিবর্তন হলে মানুষের ভোগান্তি হবে—এটি সত্য। তবে উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলা পোস্ট অফিসের নামকরণের চিন্তা থেকেই বরহামগঞ্জ পোস্ট অফিসের নাম পরিবর্তন করে শিবচর পোস্ট অফিস করা হয়েছে। স্থানীয়দের ভোগান্তির বিষয়টি জানানো হলে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

এদিকে দলমত নির্বিশেষে শিবচরবাসীর দাবি, শত বছরের ব্যবহৃত ও ঐতিহ্যবাহী বরহামগঞ্জ পোস্ট অফিসের নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিরত থাকতে হবে। একই সঙ্গে কোনো পরিবর্তনের আগে জনমত যাচাই ও সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন তারা।