আড়িয়াল খাঁ নদীর পাড়ের বিদ্যালয়ে শতভাগ পাস

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলার ঐতিহ্যবাহী সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। এ বছর বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৩ জন শিক্ষার্থীর সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

আড়িয়াল খাঁ নদীর কোল ঘেঁষা বিদ্যালয়টির এমন সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর সন্ন্যাসীরচর এলাকায় নেমে আসে আনন্দের আবহ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দেয় উৎসাহ-উচ্ছ্বাস।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পরপরই বিদ্যালয়টির শতভাগ পাসের খবর এলাকায় ছড়িয়ে পড়ে।

এ সাফল্যে মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বিদ্যালয়টি পরিদর্শন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান। তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন। এ সময় তিনি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং ফলাফলে সন্তোষ প্রকাশ করেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর মোট ২৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, নিয়মিত শ্রেণি কার্যক্রম, ধারাবাহিক মূল্যায়ন, শিক্ষার্থীদের প্রতি নিবিড় নজরদারি এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে।

ফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন কৃতী শিক্ষার্থীরা। তারা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করেন। শিক্ষকরাও শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে সাফল্য উদযাপন করেন। দীর্ঘদিনের পরিশ্রমের কাঙ্ক্ষিত ফল পাওয়ায় বিদ্যালয়ের পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।

কৃতী শিক্ষার্থী মো. রাকিব মিয়া বলেন, ভালো ফলাফলের জন্য তারা নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের পরামর্শ অনুসরণ করেছেন। ভবিষ্যতেও ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আহসান হাবীব বলেন, ‘সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। আমি দীর্ঘ ১১ বছর ধরে এ বিদ্যালয়ে শিক্ষকতা করছি। বিদ্যালয়টি প্রতিবছরই ভালো ফলাফল করে থাকে। এবারের শতভাগ পাস আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। শিক্ষার্থীরা ভালো ফলাফলের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান বলেন, ‘এ গৌরবোজ্জ্বল অর্জন বিষয়ভিত্তিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমরা শতভাগ পাসের মাইলফলক স্পর্শ করতে পেরেছি। এটি আমাদের দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।’

শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী দিনেও বিদ্যালয়টি উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য রোল মডেল হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা বলছেন, প্রত্যন্ত এলাকায় নিয়মিত পাঠদান, শিক্ষক-অভিভাবকদের সমন্বয় এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে ভালো ফলাফল অর্জন সম্ভব। সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ের এবারের শতভাগ পাসের সাফল্য ধরে রাখতে পারলে ভবিষ্যতে এ অঞ্চলের শিক্ষার মান আরও এগিয়ে যাবে বলে তারা আশা করছেন।