কর কর্মকর্তা রিপন শাহরিয়ারের দুর্নীতির অনুসন্ধান এখনও শেষ হয়নি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর অনুবিভাগের যুগ্মকর কমিশনার রিপন শাহরিয়ারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান এখনও শেষ হয়নি। অভিযোগের অনুসন্ধান শুরু হয় ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি, তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা চূড়ান্ত হয়নি।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, রিপন শাহরিয়ারের বিরুদ্ধে সরকারি কর ফাঁকি, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

অনুসন্ধান শুরুর সময় তিনি কর অঞ্চল-৮ এর উপকর কমিশনার ছিলেন। বর্তমানে তিনি ঢাকার কর অঞ্চল-১৯ এ কর্মরত। বিসিএস ২৮ ব্যাচের এই কর্মকর্তা ২০২৩ সালে যুগ্মকর কমিশনার পদে পদোন্নতি পান।

অভিযোগটির পূর্ববর্তী অনুসন্ধানকারী কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হুদা বর্তমানে দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগের নথি বুঝে পাওয়ার পর তিনি কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “আমার কিছুই মনে নাই। আমার কাছে এ রকম আরও নথি হস্তান্তরের পত্র এসেছে।”

সম্প্রতি অভিযোগটির অনুসন্ধানের জন্য নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক। সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ববর্তী কর্মকর্তার কাছ থেকে নথিপত্র বুঝে নিয়ে বিধি মোতাবেক অনুসন্ধান করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দুদক তাকে কখনও তলব করেছে কি না—এ বিষয়ে জানতে চাইলে রিপন শাহরিয়ার বলেন, “না, সেটা অনেক আগের বিষয়। কখনও ডাকে নাই। আমি জানি না কী অবস্থায় আছে।”

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অভিযোগটির অনুসন্ধান দীর্ঘদিন ঝুলিয়ে রাখায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তার ভাষ্য, “অভিযোগ প্রমাণিত হলে মামলা হোক, প্রমাণিত না হলে পরিসমাপ্তি টানা হোক। কিন্তু ঝুলিয়ে রেখে কী বার্তা দেওয়া হচ্ছে?”

উল্লেখ্য, ২০২১ সালে শুরু হওয়া অনুসন্ধান এখনো চূড়ান্ত না হওয়ায় সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে।