
চট্টগ্রামের ফৌজদারহাট বিসিক শিল্পনগরীতে বরাদ্দ বাতিল হওয়া ১৯ হাজার বর্গফুট জমি বেআইনিভাবে পুনর্বহালের মাধ্যমে সরকারের প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকা রাজস্ব ক্ষতিসাধনের অভিযোগে, শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম দুদক সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক সায়েদ আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন— ‘ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল লিমিটেড’-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ ফয়সাল চৌধুরী, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মুশতাক হাসান মুহ. ইফতিখার, শিল্প মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বলাই কুমার হালদার, সাবেক যুগ্ম সচিব বাসুদেব আচার্য্য, সাবেক অতিরিক্ত সচিব পরাগ এবং সাবেক সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৭৯ সালের ২৩ জানুয়ারি ফৌজদারহাট বিসিক শিল্পনগরীর বি-১০ (দক্ষিণ), বি-১১ ও বি-১২ নম্বর প্লটের ২৪ হাজার বর্গফুট জমি কলাপসিবল টিউব উৎপাদনের প্রকল্পের জন্য ‘ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর কাছে বরাদ্দ দেওয়া হয়। তবে কারখানাটি দীর্ঘদিন বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ১৯৯৩-৯৪ সালে বিসিকের প্লট বরাদ্দ কমিটির সভায় ২৪ হাজার বর্গফুটের মধ্যে ১৯ হাজার বর্গফুট জমির বরাদ্দ বাতিল করা হয়। বাকি ৫ হাজার বর্গফুট জমি ‘মেসার্স হাইটেক থ্রেড লিমিটেড’-এর নামে বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়।
দীর্ঘ দুই দশক পর ২০১৫ সালের ৩ মার্চ ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ ফয়সাল চৌধুরী বাতিল হওয়া ১৯ হাজার বর্গফুট জমি পুনরায় বরাদ্দের জন্য আবেদন করেন। আবেদনে তিনি বিসিকের নতুন নিয়ম অনুযায়ী নতুন ধার্যকৃত মূল্য পরিশোধ এবং সব নিয়মকানুন মেনে চলার অঙ্গীকারনামা দেন।
পরে ২০১৫ সালের ২ আগস্ট বিসিকের ৫৭তম প্লট বরাদ্দ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন মূল্য পরিশোধ সাপেক্ষে প্লট বরাদ্দের ব্যবস্থা নিতে চট্টগ্রাম বিসিকের উপ-মহাব্যবস্থাপককে নির্দেশ দেওয়া হয়। কিন্তু নতুন মূল্য পরিশোধ না করেই ২০১৭ সালের ১০ জুলাই ডা. আহমেদ ফয়সাল চৌধুরী পূর্বের পরিশোধিত মূল্যে কেবল বকেয়া সার্ভিস চার্জ দিয়ে প্রতিষ্ঠান চালুর অনুমতি চেয়ে বিসিক বরাবর আবেদন করেন। আবেদনটি পর্যালোচনা করে শিল্প মন্ত্রণালয় নতুন নিয়মে মূল্য পরিশোধের শর্তে প্লট বরাদ্দের নির্দেশনা দেয়।
এজাহারে আরও বলা হয়, বিসিকের তৎকালীন চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার দাপ্তরিক প্রভাব খাটিয়ে ও ক্ষমতার অপব্যবহার করে ১৯ হাজার বর্গফুট জমির বরাদ্দ বাতিলাদেশ প্রত্যাহারের বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা চেয়ে করে নোট দেন। নোটটিতে প্রশাসনিক কর্মকর্তা বলাই কুমার হালদার, উপসচিব (মৃত) মো. মাহবুবুর রহমান, যুগ্ম সচিব বাসুদেব আচার্য্য, অতিরিক্ত সচিব পরাগ ও সচিব মোহাম্মদ আব্দুল্লাহর স্বাক্ষরপূর্বক অনুমোদন দেওয়া হয়।
আসামিরা পরস্পর যোগসাজশে বিসিক প্লট বরাদ্দ নীতিমালা, ২০১০-এর ১৯(২) ধারার ব্যত্যয় ঘটিয়ে এখানে অবৈধ সুযোগ করে দিয়েছেন বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। যার মাধ্যমে রাজস্ব হিসাবে ৩ কোটি ৩১ লাখ ১৭ হাজার টাকা এবং ভ্যাট ৬ লাখ ৬২ হাজার ৩৪০ টাকাসহ সরকারের মোট ৩ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা ক্ষতিসাধন হয়েছে।















