
নিজস্ব প্রতিবেদক:
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের এস্টিমেটর আনোয়ার হোসেন সিকদারকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও ঠিকাদারি সিন্ডিকেটের অভিযোগ ক্রমেই বিস্তৃত হচ্ছে। ৯ হাজার কোটি টাকার এই গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে স্ত্রী জান্নাতুল ফেরদৌসের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করে প্রায় ১৫ কোটি টাকার সরকারি কাজ পাইয়ে দেওয়া, ঠিকাদারদের বিল ছাড়ে ২ শতাংশ কমিশন গ্রহণ, পছন্দের ঠিকাদারদের দরপত্রের আগাম তথ্য সরবরাহ এবং এক ঠিকাদারের চারটি ব্যাংক হিসাব থেকে তাঁর বোনের ব্যাংক হিসাবে প্রায় ৬০ কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পাশাপাশি নতুন করে যশোর ও চাঁদপুরসহ তিন নির্বাহী প্রকৌশলীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নিজের বিরুদ্ধে দুর্নীতির তথ্য প্রকাশ পাওয়ার পর দাপ্তরিক গোপন নথি প্রকাশের ভয় দেখিয়ে বিভিন্ন কর্মকর্তাকে হুমকি দিচ্ছেন আনোয়ার। এমনকি সংশ্লিষ্ট তিন ব্যাংক কর্মকর্তার ভূমিকা নিয়েও সন্দেহের কথা সামনে এসেছে। এতসব অভিযোগের মধ্যে ২০২৫ সালের ২১ জানুয়ারি দুদকে মামলা দায়েরের তথ্য প্রকাশিত হলেও তদন্তের দৃশ্যমান অগ্রগতি নিয়ে এখনো তৈরি হয়নি স্পষ্টতা।
অভিযোগ রয়েছে, আনোয়ার হোসেন সিকদার বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সহ-সভাপতি ছিলেন। সে সময় তিনি অধিদপ্তরে একচ্ছত্র প্রভাব বিস্তার করে কর্মকর্তাদের হুমকি ধামকি দিয়ে নিজের স্বার্থ হাসিল করতেন। আরো অভিযোগ রয়েছে বর্তমান প্রকল্পে তার নেতৃত্বেই সব নিয়ন্ত্রণ হয়। প্রকল্প পরিচাল, উপ প্রকল্প পরিচালক কাউকেই তিনি পাত্তা দেন না। তার মন মতো না হলে সবাইকে তিনি ব্ল্যাক মেইল করে বসেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক পিডি বলেন, সামান্য একজন এস্টিমেটর তার এতো সাহস কি ভাবে হয়, আমরাও তো প্রকল্প চালাই, আমাদের এখানেতো এমন অনিয়ম হয় না। তাকে কেউ কিছু করার সাহস পান না৷
এক ঠিকাদার বলেন, কাজের ফান্ড নিতে গেলে ২ শতাংশ না দিলে তিনি আটকে রাখেন। তার যন্ত্রণায় কাজ করা মুশকিল। লেচের কাজ হলেও তাকে ২ শতাংশ টাকা দিতে হয়। সাবেক চীফ ইঞ্জিনিয়ার আউয়ালের সাথে তার সম্পর্ক ছিলো গভীর। তাকে ৫০ লাখ টাকা দিয়ে ম্যানেজ করে রাখারও অভিযোগ আসে আনোয়ারের বিরুদ্ধ।
এছাড়া, ৩৭ জেলা নিরাপদ পানি সরবরাহ প্রকল্প, আর্সেনিক রিস্ক রিডাকশন প্রকল্প এবং সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে এস্টিমেটর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনকালে নিজের পদ ও দাপ্তরিক প্রভাব ব্যবহার করে প্রকল্পের প্রাক্কলন, দরপত্র এবং ঠিকাদারি কার্যক্রমে প্রভাব বিস্তার করেন। প্রকল্পের প্রাক্কলন প্রস্তুত থেকে শুরু করে ঠিকাদার নির্বাচন ও বিল পরিশোধ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নিজের পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসায়িক স্বার্থ নিশ্চিত করার অভিযোগ সত্য হলে তা সরকারি চাকরির নৈতিকতা, স্বার্থের সংঘাত এবং আর্থিক জবাবদিহির গুরুতর প্রশ্ন তৈরি করে।
আনোয়ার হোসেন সিকদারকে ঘিরে সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি হলো তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌসের নামে ‘মেসার্স ওহী ট্রেডার্স’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়টি। অভিযোগ অনুযায়ী, এই প্রতিষ্ঠানের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় ১৫ কোটি টাকার কাজ পাইয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে যশোরের আর্সেনিক প্রকল্পে ৫ কোটি ১৭ লাখ টাকা, গ্রাউন্ড ওয়াটার বিভাগে ৭৫ লাখ টাকা এবং চাঁদপুরের গভীর নলকূপ প্রকল্পে ৫ কোটি ৫১ লাখ টাকার কাজের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ রয়েছে।
একজন সরকারি কর্মকর্তা দায়িত্ব পালনকালে তাঁর পরিবারের সদস্যের মালিকানাধীন বা পরিচালিত কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। ‘মেসার্স ওহী ট্রেডার্স’-এর প্রকৃত মালিকানা, কার্যাদেশ পাওয়ার প্রক্রিয়া, দরপত্রে অংশগ্রহণ, প্রতিযোগিতামূলক পরিবেশ, প্রাক্কলন প্রস্তুতে সংশ্লিষ্ট কর্মকর্তার ভূমিকা এবং বিল পরিশোধের নথি যাচাই করলেই এ বিষয়ে প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।
একাধিক সূত্রের বরাতে প্রকাশিত অনুসন্ধানী তথ্যে অভিযোগ করা হয়েছে, ঠিকাদারদের বিল ছাড়ের ক্ষেত্রে আনোয়ার হোসেন সিকদার ২ শতাংশ পর্যন্ত কমিশন গ্রহণ করতেন। পাশাপাশি পছন্দের ঠিকাদারদের দরপত্রের আগাম তথ্য সরবরাহ এবং বিভিন্ন জেলায় কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক অভিযোগগুলোর একটি হলো, দিলীপ সরকার নামের এক ঠিকাদারের চারটি ব্যাংক হিসাব ব্যবহার করে আনোয়ার হোসেন সিকদারের বোনের ব্যাংক হিসাবে প্রায় ৬০ কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। এর আগে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে এ বিষয়ে তথ্য উঠে এলেও বিপুল অঙ্কের অর্থের প্রকৃত উৎস, লেনদেনের উদ্দেশ্য, অর্থের চূড়ান্ত সুবিধাভোগী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা এখনো জনসমক্ষে আসেনি।
একজন ঠিকাদারের চারটি ব্যাংক হিসাব থেকে এত বিপুল পরিমাণ অর্থ কেন একজন সরকারি কর্মকর্তার নিকটাত্মীয়ের ব্যাংক হিসাবে পাচারের অভিযোগ উঠেছে? এসব অর্থের সঙ্গে সরকারি প্রকল্পের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না? লেনদেনগুলো বৈধ ব্যবসায়িক কার্যক্রমের অংশ, নাকি অন্য কোনো আর্থিক উদ্দেশ্যে সংঘটিত হয়েছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে ব্যাংক হিসাবের পূর্ণাঙ্গ বিবরণী, অর্থের উৎস ও গন্তব্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদের বিবরণী পরীক্ষা করা প্রয়োজন।
এ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কার্যকর অনুসন্ধান জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বিশেষ করে এত বড় অঙ্কের অর্থের লেনদেনের ক্ষেত্রে অর্থের উৎস, স্থানান্তরের সময়কাল, সংশ্লিষ্ট হিসাবগুলোর মালিকানা এবং চূড়ান্ত সুবিধাভোগী শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে আনোয়ার হোসেন সিকদারের স্ত্রী জান্নাতুল ফেরদৌস এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শান্তিনগর শাখার তিন কর্মকর্তা—একরামুল হক ভূঁইয়া, আনোয়ারুল আজিজ ও রেজাউল করিমের বিরুদ্ধে ২০২৫ সালের ২১ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনে মামলা দায়েরের তথ্য প্রকাশিত হয়েছে। কিন্তু মামলা দায়েরের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তদন্তের অগ্রগতি, আর্থিক লেনদেনের উৎস অনুসন্ধান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
দুদক কি সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোর পূর্ণাঙ্গ বিবরণী সংগ্রহ করেছে? অর্থের উৎস ও চূড়ান্ত সুবিধাভোগীদের শনাক্ত করা হয়েছে কি? অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি? মামলার তদন্ত কোন পর্যায়ে রয়েছে? কোনো সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ কিংবা আদালতের অনুমতি নিয়ে প্রয়োজনীয় আর্থিক অনুসন্ধান করা হয়েছে কি? এসব প্রশ্নের উত্তর এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দুর্নীতি দমন কমিশনের মতো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের কাছে জনগণের প্রত্যাশা, অভিযোগের গুরুত্ব বিবেচনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা। মামলা দায়ের করেই দায়িত্ব শেষ করার সুযোগ নেই। বিশেষ করে যেখানে কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে, সেখানে তদন্তের দীর্ঘসূত্রতা স্বাভাবিকভাবেই জনমনে সন্দেহ ও সংশয় তৈরি করে।
আনোয়ার হোসেন সিকদারের বিরুদ্ধে আয়রন পরিশোধন ফিল্টার ভেসেল ব্যবসাকে কেন্দ্র করে একটি সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। অভিযোগের বিষয় হলো, প্রকল্পের চাহিদা নির্ধারণ, প্রাক্কলন তৈরি, দরপত্র প্রক্রিয়া এবং সরঞ্জাম সরবরাহের বিভিন্ন পর্যায়ে কোনো সংঘবদ্ধ চক্র প্রভাব বিস্তার করেছে কি না।
নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দিতে পণ্যের কারিগরি স্পেসিফিকেশন তৈরি, বাজারমূল্যের তুলনায় অতিরিক্ত দাম নির্ধারণ কিংবা নিম্নমানের সরঞ্জাম সরবরাহের মাধ্যমে সরকারি অর্থের অপচয় হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এসব প্রকল্পের ক্রয়সংক্রান্ত নথি, পণ্যের বাজারদর, সরবরাহের মান এবং বাস্তবায়ন প্রতিবেদন যাচাই ছাড়া অভিযোগের প্রকৃত চিত্র পাওয়া সম্ভব নয়।
জনস্বাস্থ্য ও নিরাপদ পানির মতো গুরুত্বপূর্ণ খাতে নিম্নমানের সরঞ্জাম সরবরাহ কিংবা অতিরিক্ত মূল্য দেখিয়ে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগ কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। প্রকল্পের অর্থ ব্যয় ও সরঞ্জাম ক্রয়ের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
এদিকে আনোয়ার হোসেন সিকদারের বিরুদ্ধে অতীতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি, হুমকি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে নিজের অবস্থান ও স্বার্থ সংরক্ষণের অভিযোগও প্রকাশিত হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে অসদাচরণ এবং দাপ্তরিক কাজে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
নতুন করে অভিযোগ উঠেছে, নিজের বিরুদ্ধে দুর্নীতির তথ্য প্রকাশ পাওয়ার পর আনোয়ার হোসেন সিকদার বিভিন্ন সরকারি কর্মকর্তাকে এবং গনমাধ্যম কর্মীদেরকে হেনস্তা সহ দাপ্তরিক গোপন নথি প্রকাশের ভয় দেখিয়ে হুমকি দিচ্ছেন এবং কথিত সাংবাদিকদেরকে দিয়ে ভয় ভীতি দেখানোর চেষ্টা করে যাচ্ছেন । এ ঘটনায় যশোর, চাঁদপুরসহ তিন নির্বাহী প্রকৌশলীর ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনোভাবে এসব অভিযোগের সঙ্গে জড়িত কি না, কিংবা তাঁদের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন।
বিপুল অঙ্কের অর্থের লেনদেন কী প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে কী ধরনের লেনদেন হয়েছে, ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ম ও আর্থিক নজরদারি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চাঁদপুরের তৎকালীন নির্বাহী প্রকৌশলী ফয়সাল এবং যশোরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয় এবং সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে তাঁদের বক্তব্য জানতে খুদে বার্তাও পাঠানো হয়। তবে তাঁদের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা। অথচ সেই প্রতিষ্ঠানের প্রকল্প বাস্তবায়ন, ঠিকাদারি কার্যক্রম ও আর্থিক লেনদেন ঘিরে যদি এত গুরুতর অভিযোগ ওঠে, তাহলে সেগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
আগের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরও যদি এসব অভিযোগের বিষয়ে কার্যকর অনুসন্ধান ও জবাবদিহি নিশ্চিত না করে সংশ্লিষ্ট অধিদপ্তর, তাহলে জনস্বার্থে আরও বড় প্রশ্ন সামনে আসবে। নিরাপদ পানি সরবরাহের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে জনগণের অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্ব যাদের, তাঁদের বিরুদ্ধেই যদি ঠিকাদারি সিন্ডিকেট, স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে, তাহলে সেই অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করবে কে?
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকল্পগুলোর প্রাক্কলন, দরপত্র, কার্যাদেশ, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা, বিল পরিশোধ, ব্যাংক লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদের উৎস নিরপেক্ষভাবে যাচাই করা এখন সময়ের দাবি। একই সঙ্গে দুদকের মামলার বর্তমান অবস্থা, তদন্তের অগ্রগতি ও বিলম্বের কারণ জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন।
জনগণের অর্থে পরিচালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প কোনো ব্যক্তি, পরিবার কিংবা ঠিকাদারি সিন্ডিকেটের ব্যক্তিগত স্বার্থ রক্ষার ক্ষেত্র হতে পারে না। অভিযোগের সত্যতা যাচাই, দায়ীদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই সরকারি অর্থের সুরক্ষা ও প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব। আগের প্রতিবেদন প্রকাশের পরও যেসব প্রশ্নের উত্তর মেলেনি, সেসব প্রশ্নের জবাব এখন সংশ্লিষ্ট অধিদপ্তর ও দুর্নীতি দমন কমিশনকেই দিতে হবে।















