
ঢাকার কেরানীগঞ্জে অর্থনৈতিক অঞ্চল নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে ৩৬ দশমিক ৭১৮০ একর জমির দখল হস্তান্তর করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সোনাকান্দা বিসিক শিল্পনগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম ইনভেস্ট বাংলাদেশের পরিচালক শাহীন আক্তার সুমির কাছে জমির দখল হস্তান্তর করেন।
প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে হংকংভিত্তিক প্রতিষ্ঠান হান্ডা কোম্পানি প্রায় ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
‘বেজার মাধ্যমে কেরানীগঞ্জ উপজেলায় অর্থনৈতিক অঞ্চল নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় জমি হস্তান্তর করা হয়েছে। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২১০ কোটি ৬৯ লাখ টাকা।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত জমির মালিক মো. রাশেদকে ক্ষতিপূরণের চেকও দেওয়া হয়।
কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নে সোনাকান্দা বিসিক শিল্পনগরীর পাশের নতুন সেতুর কাছে এ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
হান্ডা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেডের মাধ্যমে সেখানে শিল্পকারখানা স্থাপন করা হবে। প্রতিষ্ঠানটি নিট টেক্সটাইল, কাপড় রং করা এবং তৈরি পোশাক খাতে ব্যবসা পরিচালনা করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, শিল্পায়ন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, কেরানীগঞ্জে এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।















