নবজাতক কেনাবেচায় সক্রিয় সিন্ডিকেট

মোঃ মাহাবুবুর রহমান: দত্তকের নামে দেশজুড়ে গড়ে উঠেছে নবজাতক বেচাকেনার এক ভয়ঙ্কর সিন্ডিকেট। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে প্রকাশ্যে চলছে দর-কষাকষি। একটি কন্যা শিশু ২ থেকে ৩ লাখ টাকা এবং একটি পুত্র সন্তান ৪ থেকে ৫ লাখ টাকায় বিক্রি হচ্ছে। ।

যেভাবে চলে বাণিজ্য:
অনুসন্ধানে দেখা যায়, চক্রটি শুধু নবজাতক নয়, গর্ভাবস্থায় থাকা শিশুও আগাম চুক্তিতে বিক্রি করছে। বিভিন্ন হাসপাতাল থেকে সন্তান রাখতে অনিচ্ছুক অসহায় গর্ভবতী মা’দের খুঁজে বের করে তারা। এরপর গর্ভকালীন চিকিৎসার দায়িত্ব নিয়ে শিশু সংগ্রহ করে তারা। ক্রেতার চাহিদা অনুযায়ী ছেলে বা মেয়ে শিশু সরবরাহে তারা অভ্যস্ত।

ফেসবুকে ‘শিশু দত্তক’, ‘নবজাতক প্রয়োজন’ নামে শত শত গ্রুপ ও পেজ খুলে চলছে এই বাণিজ্য। একজন নারী দালালের স্বীকারোক্তিতে জানা যায়, তারা নোটারি পাবলিক ও ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তি করে শিশু হস্তান্তর করে, যাকে তারা বৈধ দত্তক বলে চালিয়ে দেয়।

চক্রটির ভয়াবহতা এখানেই শেষ নয়। তারা বাণিজ্যিক ভিত্তিতে গর্ভ ভাড়া (সারোগেসি) এবং বিদেশে শিশু পাচারের সাথেও জড়িত। অনুসন্ধানে তারা দাবি করে, কানাডাসহ বিভিন্ন দেশে পাসপোর্ট তৈরি করে শিশু পাঠিয়েছে তারা।

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান:
গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর বিষয়টি নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর। ভিডিও ফুটেজে দেখা যায়, র‍্যাব সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকা, হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালাচ্ছে। অভিযানে আটক করা হয়েছে সিন্ডিকেটের বেশ কয়েকজন সদস্যকে, যার মধ্যে নারী দালালও রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ‘শিশু দত্তক’ বা ‘বিনিময়ে এত টাকা’ ধরনের পোস্টগুলোকে সম্ভাব্য শিশু পাচার ও শোষণের ঝুঁকি হিসেবে দেখা উচিত এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিঃসন্তান দম্পতির অসহায়ত্বকে পুঁজি করে মানবতাকে পণ্য বানানো এই চক্রকে দ্রুত নির্মূল করার দাবি জানিয়েছেন সচেতন মহল।