
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঐক্য পরিষদের ব্যানারে কর্মকর্তা-কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণ করলেও পরবর্তী সময়ে সংশ্লিষ্টদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যবস্থা নেওয়ার অভিযোগ উঠেছে। একই ব্যানারে আন্দোলনে অংশগ্রহণ করা সত্ত্বেও কাউকে সরকার ক্ষমা করেছে, আবার কাউকে ক্ষমা করা হয়নি। এ ক্ষেত্রে কেন বৈষম্য করা হয়েছে এবং এর প্রকৃত কারণ কোথায়-তা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
একই সঙ্গে অন্যায়ভাবে ভালো, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করা হচ্ছে কি না-এ প্রশ্নও এখন সামনে এসেছে। কোনো কর্মকর্তা-কর্মচারী সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে থাকলে তাকে কেন হয়রানি করা হবে, কেন তাকে ষড়যন্ত্রমূলকভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো এবং এর মাধ্যমে কেন তার মান-সম্মান ক্ষুণ্ন করা হলো-এসব বিষয়ের স্পষ্ট জবাব জাতির সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ সূত্রে সংশ্লিষ্ট মহল থেকে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের যেসব কর্মকর্তা-কর্মচারীকে অন্যায়ভাবে, হয়রানিমূলক ও ষড়যন্ত্রমূলকভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে অভিযোগ রয়েছে, তাদের চাকুরীর কর্মজীবনের পেছনের ইতিহাসও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।















