অপরাধ নিয়ন্ত্রণে মে মাসে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ মিরপুর

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে মে মাসের সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। একই সময়ে শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে উত্তরা-পশ্চিম থানা।

বুধবার (১৭ জুন) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, মে মাসের মূল্যায়নে উত্তরা-পশ্চিম থানা প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় হয়েছে মিরপুর মডেল থানা এবং তৃতীয় স্থান পেয়েছে বনানী থানা।

সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম রনি প্রথম হয়েছেন। দ্বিতীয় হয়েছেন- পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদ হোসেন।

শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন মিরপুর মডেল থানার এসআই মো. সামছুদ্দৌহা এবং পল্টন মডেল থানার এসআই অমিত কুমার বিশ্বাস।

এছাড়া সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ক্যাটাগরিতে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মো. আখতারুজ্জামান মণ্ডল পলাশ ও খিলগাঁও থানার এএসআই দেবাশীষ চক্রবর্তী।

অন্যদিকে গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-ওয়ারী বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম।

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন দারুসসালাম ট্রাফিক জোনের সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন এবং মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট মো. রাসেল আলম।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।