নকল বে জুতার কারখানার সন্ধান, আটক ৩

ঢাকার ​সাভারে আমিন বাজার এলাকায় স্বনামধন্য পাদুকা ব্র্যান্ড ‘বে’ (Bay)-এর লোগো ও বারকোড ব্যবহার করে অবৈধভাবে নকল জুতা উৎপাদনের একটি কারখানার সন্ধান পাওয়া গেছে । গত রাতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ নকল জুতা জব্দ এবং তিনজনকে আটক করা হয়েছে।
​
​গোপন সংবাদের ভিত্তিতে গতরাত আনুমানিক ২ টার দিকে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আল আহসানের নেতৃত্বে একদল পুলিশ আমিনবাজারের চানপুর এলাকার ‘ফুজি ফুটওয়্যার’ নামক একটি কারখানায় অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে কারখানাটি থেকে অবৈধভাবে উৎপাদিত ২৯ কার্টুন নকল জুতা জব্দ করা হয়। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফ্যাক্টরির মালিকপক্ষের ৩ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
​
​পুলিশ ও ‘বে’ (Bay) কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা যায়, গত ৪-৫ বছর ধরে ওই কারখানায় সু-কৌশলে বে কোম্পানির জুতা অবিকল নকল করে বাজারে সরবরাহ করা হচ্ছিলো। তবে, এ বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিল মূল ব্র্যান্ড কর্তৃপক্ষ।

​’বে’ কোম্পানির সোর্চিং ইনচার্জ রাগিব হোসেন জানান, “উক্ত অনুমোদনহীন ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্যের সাথে অরিজিনাল বে কোম্পানির জুতার পার্থক্য মাত্র ১৯-২০ বা ১৮-২০। এতে করে ভোক্তা বা গ্রাহক ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই।”

​তিনি আরও চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলেন, “ফ্যাক্টরির মালিক আমার পূর্বপরিচিত এবং তার সাথে আমাদের কোম্পানির পূর্বে কথা হয়েছিল। তাকে বে কোম্পানির জুতা তৈরির অর্ডার দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে বিভিন্ন কারণে আমরা তাকে কোনো অর্ডার দেইনি। কিন্তু, তিনি আমাদের অজান্তেই অবৈধভাবে “বে” কোম্পানির জুতা নকল করে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিচ্ছিলেন। এর সাথে “বে” কোম্পানির কিছু অসাধু চক্রও জড়িত থাকতে পারে।”
​
​অবৈধভাবে নকল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের এই ঘটনায় বে (Bay) কর্তৃপক্ষ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ চক্রের সাথে অন্য কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায় ।