কলকাতা থেকে আসা বিমানযাত্রীর ব্যাগে মিলল পৌনে ৩ কোটি টাকার অলঙ্কার

ভারতের কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে হীরকখচিত স্বর্ণ ও প্লাটিনামের আংটিসহ বিভিন্ন ধরনের অলঙ্কার ও মূল্যবান পাথর জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। এসব পণ্যের আনুমানিক দাম ২ কোটি ৭০ লাখ টাকা। ব্যাগেজ ঘোষণা না দিয়ে এসব পণ্য আনার অভিযোগে ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম ও বিমানবন্দরে দায়িত্ব পালনরত সি-শিফটের কর্মকর্তারা শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব অলঙ্কার জব্দ করেন।

কাস্টমস হাউসের বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৯৬ ফ্লাইটে আসা যাত্রী এমডি জনি রহমান ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। এ সময় তার ব্যাগ স্ক্যানিং করে আচারের বয়ামের মধ্যে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে ব্যাগ পরীক্ষা করে বিভিন্ন ধরনের অলঙ্কার ও মূল্যবান পাথর পাওয়া যায়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে হীরকখচিত ৩৮৯টি স্বর্ণের আংটি, যার ওজন ৪৭৮ গ্রাম এবং বিশুদ্ধতা ১৮ ক্যারেট। এছাড়া ৯৫০ ক্যারেটের ১৫১টি প্লাটিনামের আংটি পাওয়া গেছে, যেগুলোর ওজন ৪৫০ গ্রাম।

অন্য অলংকারের মধ্যে রয়েছে হীরকখচিত তিনটি সাদা স্বর্ণের অলঙ্কার, দুটি রুপার আংটি, পাঁচটি স্বর্ণের লকেট, একটি স্বর্ণের চেইন এবং ৪৭২টি স্বর্ণের নাকফুল। এসব অলংকারের সঙ্গে ছোট-বড় মিলিয়ে ৪৫ ক্যারেটের হীরকখচিত পাথর, পোখরাজ, রুবি ও অন্যান্য পাথর এবং ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ড জব্দ করা হয়েছে।

কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।