
‘৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।’ লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের এমন কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিও নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন। ভিডিওতে সামনে থাকা এক ব্যক্তিকে উদ্দেশ্য করে নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে, কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়ব না। ৬ কোটি টাকা তিন গুণ না, আমি দুই কোটি টাকার নিচে নড়ব না। চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কী কয়।’
এরপর বলতে শোনা যায়, ‘একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গামতো পোস্টিং দেবে।’
ভিডিওতে একটি কাজের ব্যয় এবং এক ব্যক্তি কর্তৃক প্রকল্পের মালামাল আত্মসাতের বিষয়ে কথা বলেন নুরুল আমিন। তাকে বলতে শোনা যায়, ‘সোজা হিসাব, ৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কত কোটি টাকার মাল তিনি আত্মসাৎ করছেন। ওই হিসাব করে দেখা যাবে, ৫ কোটি টাকার মাল তিনি আত্মসাৎ করেছেন। আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।’
ভিডিওতে দেখা যায়, কিছু একটা হাতে নিয়ে সামনে থাকা ব্যক্তিকে নির্বাহী প্রকৌশলী জিজ্ঞাসা করছেন—‘এখানে কত’। জবাবে সামনে থাকা ব্যক্তি বলেন, ‘৩৫ স্যার’। তখন নির্বাহী প্রকৌশলী বলেন, ‘হ্যাঁ, ৩৫, ১ লাখ ৩৫’। তখন সামনে থাকা ব্যক্তি বলেন, ‘আগে দিছিলাম এক লাখ, স্যার’। তবে ভিডিওটির বক্তব্যের প্রেক্ষাপট কী, সামনে থাকা ব্যক্তি কে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।
অনেক চেষ্টা করেও নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বিষয়টি নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিমের দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি বার্তা২৪.কমকে বলেন, ভিডিওটি আমার নজরে এসেছে, ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি।















