
জিএম মাসুদ ঢালী: ইউরোপ-আমেরিকার অভিজাত বিয়ের আসরে কনের পরনে থাকা দৃষ্টিনন্দন ওয়েডিং গাউনের পেছনে এখন জড়িয়ে আছে নারায়ণগঞ্জের নাম। আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) থেকে তৈরি হচ্ছে উচ্চমূল্যের বিয়ের পোশাক, যা ইউরোপসহ বিশ্বের ৩৭টি দেশে রপ্তানি হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর নারায়ণগঞ্জ থেকে প্রায় ৫ থেকে ৬ মিলিয়ন ডলারের ব্রাইডাল পোশাক রপ্তানি হচ্ছে। এতে তৈরি পোশাকের প্রচলিত বাজারের পাশাপাশি বাংলাদেশে বিশেষায়িত ও উচ্চমূল্যের পোশাকের নতুন বাজারও তৈরি হচ্ছে।
আদমজী ইপিজেডে জার্মান বিনিয়োগে গড়ে ওঠা ইউবিএফ ব্রাইডাল লিমিটেড ২০২২ সাল থেকে উৎপাদন শুরু করে। প্রতিষ্ঠানটির প্রধান পণ্য ওয়েডিং গাউন, ভেইল বা ঘোমটা, সাটিন ও লেসের তৈরি বিশেষ পোশাক এবং বিয়ের পোশাকের সঙ্গে ব্যবহৃত বিভিন্ন ধরনের গয়না।
এসব পোশাক মূলত স্প্যানিশ ডিজাইনারদের নকশা অনুসরণ করে তৈরি করা হয়। নিপুণ কারুকাজ, সূক্ষ্ম সেলাই ও দক্ষ কর্মীদের হাতে তৈরি প্রতিটি পোশাকেই থাকে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগ।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ৫ দশমিক ২৭ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে ইউবিএফ ব্রাইডাল লিমিটেড।















