কর্মকর্তা-কর্মচারীদের এনবিআর সদর দপ্তরে যেতে লাগবে পূর্বানুমতি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পূর্বানুমতি ছাড়া এনবিআর সদর দপ্তরে আগমনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে একটি অফিস আদেশ জারি করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) জারি করা অফিস আদেশে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে মাঠ পর্যায়ে কর্মরত অনেক কর্মকর্তা-কর্মচারী যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই এবং কোনো দাপ্তরিক প্রয়োজন ছাড়াই জাতীয় রাজস্ব বোর্ডে উপস্থিত হচ্ছেন। এতে বোর্ডের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দাপ্তরিক শৃঙ্খলা ও শিষ্টাচারও ক্ষণ্ণ হচ্ছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, এ পরিস্থিতি বিবেচনায় দাপ্তরিক কিংবা ব্যক্তিগত- যে কোনো প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের সদর দপ্তরে আসার আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী বা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর প্রশাসন-১) নুরুন্নাহার শিফা স্বাক্ষরিত ওই আদেশে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এনবিআরের কর্মকর্তাদের মতে, নতুন এ নির্দেশনার মাধ্যমে সদর দপ্তরে অপ্রয়োজনীয় উপস্থিতি কমবে, দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা বজায় থাকবে এবং প্রশাসনিক কার্যকারিতা আরো বৃদ্ধি পাবে।