
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কর ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিবকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বও দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আহসান হাবিব বর্তমানে এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক ছিলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বড় শিল্পগোষ্ঠীর কর ফাঁকি অনুসন্ধান এবং কর প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিভিন্ন পদক্ষেপের কারণে আলোচনায় আসেন।
নতুন চেয়ারম্যানের নিয়োগের খবরে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের একাংশের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশেষ করে, এনবিআর বিলুপ্ত করে পৃথক দুটি বিভাগ গঠনের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলেন এমন কর্মকর্তা-কর্মচারী এবং অতীতে এনবিআর ভবনের ৫১১ নম্বর কক্ষে আহসান হাবিবকে ঘিরে উত্তেজনাকর ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে এ নিয়োগ নিয়ে নানা আলোচনা চলছে।
আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। কর ক্যাডারের ১৫তম ব্যাচে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন এবং বিভাগীয় প্রশিক্ষণে প্রথম হন। বর্তমান পদায়নের মাধ্যমে তিনি কর ক্যাডারের আরও তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে অতিক্রম করে এনবিআরের শীর্ষ পদে দায়িত্ব পেলেন।
এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল সংস্থাটির প্রধান হিসেবে অভ্যন্তরীণ একজন অভিজ্ঞ কর কর্মকর্তাকে নিয়োগ দেওয়া। সরকারের সর্বশেষ এ সিদ্ধান্তকে সেই দাবির প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।















