
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় জব্দ করা অটোরিকশা ডাম্পিংয়ে নেওয়ার সময় চলন্ত গাড়ি থেকে ট্রাফিক পুলিশের এক কনস্টেবলকে ধাক্কা দিয়ে ফেলে পালানোর চেষ্টা করেছেন চালক। এতে গুরুতর আহত হয়েছেন ওই পুলিশ সদস্য।
আহত কনস্টেবল মো. আব্দুল কুদ্দুস (৫৫) চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের (পশ্চিম) সদস্য। তার বাড়ি ফেনী জেলায়। শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর রানি রাসমণি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, টোল রোড এলাকায় দায়িত্ব পালনকালে একটি অটোরিকশা জব্দ করেন কনস্টেবল কুদ্দুস। পরে সেটি ডাম্পিংয়ের জন্য মনসুরাবাদে নেওয়া হচ্ছিল। পথে চালক জুয়েল চলন্ত অটোরিকশা থেকে কনস্টেবল কুদ্দুসকে ধাক্কা দিয়ে ফেলে পালানোর চেষ্টা করেন।
এ সময় কুদ্দুস সড়কে পড়ে গেলে তার মাথা অটোরিকশার চাকার নিচে চাপা পড়ে গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
ওসি আরও জানান, ঘটনার পর অটোরিকশাসহ চালক জুয়েলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।













