পুঁজিবাজারে বিনিয়োগ সহজীকরণে বিএসইসির নতুন তিন নির্দেশনা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির মূলধন বৃদ্ধি ও লভ্যাংশ ব্যবস্থাপনা সহজ করতে গুরুত্বপূর্ণ তিনটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মঙ্গলবার (১২ মে) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৩তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিএসইসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক কোনো তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠিত হওয়ার পর যদি পুনর্গঠিত পর্ষদের পরিচালকরা যৌথভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে সক্ষম না হন বা তা নির্ধারিত সীমার নিচে নেমে যায়, তাহলে এটি আর রাইট, বোনাস শেয়ারসহ অন্যান্য ক্যাপিটাল রেইজিংয়ের পথে বাধা হবে না। এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিফিকেশন জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্বিতীয় সিদ্ধান্ত হিসেবে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির ব্যাংকগুলোকে তাদের নিজস্ব ব্যাংকেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট সংরক্ষণের অনুমতি দেওয়ার নির্দেশনা জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে ব্যাংকগুলোর লভ্যাংশ ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে বলে মনে করছে কমিশন।

তৃতীয় সিদ্ধান্ত হিসেবে পুঁজিবাজার বিষয়ে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও গবেষণাধর্মী সাংবাদিকতাকে উৎসাহিত করতে এ বছরও ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ ২০২৬’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই উদ্যোগের মাধ্যমে পুঁজিবাজার সাংবাদিকতায় দায়িত্বশীলতা, নৈতিকতা ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধিকে উৎসাহিত করা হবে। ফেলোশিপ কার্যক্রমের মাধ্যমে সাংবাদিকরা বৈশ্বিক আর্থিক বাজার সম্পর্কে গভীর জ্ঞান অর্জন ও নৈতিক সাংবাদিকতার মানদণ্ড অনুসরণে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেছে কমিশন।