
দুর্নীতির মামলায় আসামি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক হাকিমুন্নাহারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১২ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
দুদকের পক্ষে সংস্থাটির উপ-সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আবু তালহা এই আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি হাকিমুন্নাহার গত বছরের ২৩ নভেম্বর নির্ধারিত সময়সীমার মধ্যে দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল না করে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে।
আসামি হাকিমুন্নাহার একজন আয়কর দাতা। অনুসন্ধানকালে ২০২০-২১ করবর্ষ হতে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত তার আয়-ব্যয়ের তুলনামূলক পর্যালোচনা করা হয়। আসামির জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি ও সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।















