সংরক্ষিত নারী আসনের ৮০ শতাংশ এমপি আয়করদাতা, শীর্ষ করদাতাদের দখলে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের হলফনামা বিশ্লেষণ করে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন), তাদের মধ্যে ৪০ জনের (৮০ শতাংশ) আয়কর প্রদানের তথ্য পাওয়া গেছে। দ্বাদশ জাতীয় সংসদে এ হার ছিল ৮২ শতাংশ। ফলে আগের সংসদের তুলনায় আয়করদাতা সদস্যের হার কিছুটা কমেছে।

সুজনের বিশ্লেষণে দেখা যায়, আয়কর প্রদানকারী ৪০ জন নারী সংসদ সদস্যের মধ্যে ১৩ জন লক্ষাধিক টাকা কর দিয়েছেন। এদের মধ্যে ৮ জন ৫ লাখ টাকার বেশি এবং ৫ জন ১০ লাখ টাকার বেশি আয়কর পরিশোধ করেছেন।

লক্ষাধিক টাকা কর প্রদানকারী ১২ জনের মধ্যে ১১ জনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত। বাকি একজন ১১ দলীয় জোটের প্রতিনিধি।

অন্যদিকে, কর প্রদানকারী নারী এমপিদের মধ্যে ১১ জন (২৭.৫ শতাংশ) ১০ হাজার টাকা বা তার কম কর দিয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

শীর্ষ করদাতাদের তালিকায় রয়েছেন বিএনপির জহরত আদিব চৌধুরী, যিনি সর্বোচ্চ ৮৭ লাখ ৬১ হাজার ৬১৪ টাকা আয়কর দিয়েছেন। এরপর রয়েছেন সুলতানা আহমেদ (২৬ লাখ ৭৫ হাজার ২৬৩ টাকা), আন্না মিনজ (২২ লাখ ১ হাজার ৬২৭ টাকা), শামীম আরা বেগম স্বপ্না (১৭ লাখ ৪৬ হাজার ৩৩৭ টাকা) এবং মোছাঃ সুরাইয়া জেরিন (১৩ লাখ ৮০ হাজার টাকা)।

এছাড়া শীর্ষ ১০ করদাতার তালিকায় আরও রয়েছেন হেলেন জেরিন খান, শিরীন সুলতানা, সেলিমা রহমান, নিপুন রায় চৌধুরী ও রাশেদা বেগম হীরা।

সুজন জানিয়েছে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আয়কর বিবরণী আপলোড করা হয়নি। সংগঠনটির দাবি, এই হলফনামা বিশ্লেষণের মাধ্যমে জনগণ জানতে পারবে রাজনৈতিক দলগুলো কী ধরনের ব্যক্তিদের সংসদ সদস্য হিসেবে মনোনীত করেছে।