মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

মাদককে চিরতরে নির্মূল করা ছাড়া দেশের সামনে আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর কমলাপুরে পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতিধন্য প্রাঙ্গণে ‘মাদকমুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।

কবি, রম্যলেখক ও বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক শাহজাহান আবদালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন।
রফিক শিকদার বলেন, “মাদকের মরণনেশায় দেশের যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তরুণ প্রজন্ম একটি জাতির প্রাণশক্তি—আর সেই শক্তিকেই ধ্বংস করে দিচ্ছে মাদক। দেশের ভবিষ্যৎ রক্ষা করতে হলে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।”

সভাপতির বক্তব্যে শাহজাহান আবদালী বলেন, “নির্বাচনের সময় প্রার্থীরা মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সময়। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকরভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো আন্তরিক হলে স্বল্প সময়ের মধ্যেই মাদক নিয়ন্ত্রণে আনা সম্ভব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, সাবেক অধ্যাপক সালাম খান, কবি ও কথাসাহিত্যিক সমীর আহমেদ এবং গীতিকার মিয়া আসলাম প্রধান।
এছাড়া সমাজসেবক, আইনজীবী, শিক্ষক, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন শুধু সরকারের একার দায়িত্ব নয়; এর জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা শেষে উপস্থিত সবাই মাদকবিরোধী শপথ গ্রহণ করেন।