বিমানবন্দর কাস্টমসে ‘বকশিশ’ নামে ঘুষ! উচ্চমান সহকারী মনিরের ভিডিও ভাইরাল

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউজের ডেসপাস শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ‘বকশিশ’ নেওয়ার নামে যাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছেন উচ্চমান সহকারী মনির নামে এক কর্মকর্তা।
ভাইরাল হওয়া ওই ভিডিওটি ঘিরে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ভিডিওতে অভিযোগ করা হয়, নিয়মিত কার্যক্রম সম্পন্ন করতে গেলেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করা হয়, যা ‘বকশিশ’ হিসেবে আদায় করা হলেও বাস্তবে তা ঘুষের শামিল।

এ ঘটনায় সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই বলছেন, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের অনৈতিক কার্যক্রম দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এর আগে বিমানবন্দরের কাস্টমস জোনে যাত্রীদের হয়রানি ও অসদাচরণের অভিযোগে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজিরও রয়েছে।

তবে ভাইরাল ভিডিওতে অভিযুক্ত মনিরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। তাদের মতে, এমন ঘটনা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে অনিয়ম আরও বেড়ে যেতে পারে।

একটি ভিডিওই আবার সামনে আনলো পুরনো প্রশ্ন—বিমানবন্দর কাস্টমসে ‘বকশিশ’ না দিলে কি সেবা পাওয়া কঠিন? এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত ব্যবস্থা নেয়